গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই, প্রাইভেটকারে এসে ব্যাগ ছিনিয়ে পালাল দুর্বৃত্তরা

গাজীপুরের কালিয়াকৈরে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কর্মকর্তার নাম এ এম এম তৌহিদুর রশিদ। তিনি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত। এ ঘটনায় তিনি কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, রোববার দুপুরে তৌহিদুর রশিদ তাঁর বাবা এস এম হারুনুর রশিদের ব্যাংক হিসাব থেকে সোনালী ব্যাংকের কালিয়াকৈর শাখা থেকে ৫ লাখ টাকা উত্তোলন করেন। এরপর মামা তাসনিম উদ্দিনকে সঙ্গে নিয়ে একটি অটোরিকশায় বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।
পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে পৌঁছালে পেছন থেকে আসা সাদা রঙের একটি প্রাইভেটকার তাঁদের অটোরিকশার গতিরোধ করে। এ সময় গাড়িটি থেকে এক ব্যক্তি হাত বাড়িয়ে তৌহিদুর রশিদের কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেন। এরপর প্রাইভেটকারটি দ্রুতগতিতে টাঙ্গাইলের দিকে চলে যায়।
ঘটনার পর তৌহিদুর রশিদ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানান। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যায়। পরে রোববার সন্ধ্যা ৬টার দিকে তিনি কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, টাকা ছিনতাইয়ের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দিয়েছেন। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।




