গাজীপুরে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ: ভুয়া ডেন্টিস্ট পরিচয়ধারী আজিজুল গ্রেপ্তার, আদালতে পাঠানো হলো

গাজীপুর সদর উপজেলায় এক নারীকে ঘরে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আজিজুল হক ওরফে জয়নাল (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার মনিপুর বাজার এলাকায় ‘আর রহমান ডেন্টাল কেয়ার’ নামের একটি প্রতিষ্ঠানে ডেন্টিস্ট পরিচয়ে চিকিৎসাসেবা দিতেন বলে অভিযোগ রয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার আজিজুলকে আদালতে পাঠানো হয়েছে বলে জয়দেবপুর থানা পুলিশ জানিয়েছে।
জয়দেবপুর থানা পুলিশ জানিয়েছে, মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ৯ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ওই নারীকে আটকে রেখে ধর্ষণ করা হয়। অভিযুক্ত আজিজুল ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী (৩০) তাঁর ফুফুর দাঁতের চিকিৎসা করাতে গিয়ে আজিজুলের সঙ্গে পরিচিত হন। এরপর আজিজুল বিভিন্ন সময়ে তাঁকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন বলে ওই নারী অভিযোগ করেছেন।
এজাহারের বিবরণ অনুযায়ী, গত ৯ সেপ্টেম্বর দুপুরে হোতাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন ওই নারী। এ সময় আজিজুল ও তাঁর সহযোগী মুরাদ হোসেনের সঙ্গে তাঁর দেখা হয়। জরুরি কথা আছে বলে তাঁকে গাজীপুর সদর উপজেলার নৌলাপাড়া এলাকার দিবানিশী মোড়ে ডেকে নেওয়া হয়।
সেখানে পৌঁছানোর পর আজিজুল তাঁর সহযোগীর সহায়তায় ওই নারীকে একটি ঘরে আটকে রাখেন। পরে হত্যার ভয় দেখিয়ে তাঁর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, ৯ সেপ্টেম্বর দুপুর থেকে ১২ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত ওই নারীকে ঘরটিতে আটকে রাখা হয়। একপর্যায়ে অভিযুক্তরা বাইরে গেলে তিনি কৌশলে সেখান থেকে বেরিয়ে ভবানীপুর এলাকায় ছোট বোনের ভাড়া বাসায় আশ্রয় নেন। পরে তিনি থানায় অভিযোগ করেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, ধর্ষণের অভিযোগের পর থেকে আজিজুল আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে মনিপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, আজিজুল এর আগেও ভুয়া চিকিৎসক-সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন।




