‘গণতন্ত্র সর্বদা, স্বৈরতন্ত্র আর কখনো নয়’: জয়ের পর সাও পাওলোতে লুলার অঙ্গীকার

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা অঙ্গীকার করেছেন, ব্রাজিলে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ আর কখনো ফিরবে না। ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে হারিয়ে ঐতিহাসিক চতুর্থ মেয়াদে জয় পাওয়ার পর তিনি এই অঙ্গীকার করেন।
সোমবার ভোরে মধ্য সাও পাওলোতে জড়ো হওয়া হাজার হাজার সমর্থকের উদ্দেশে লুলা বলেন, ‘এটি ঈশ্বরের কাজ — এবং এটি আপনাদের সবার জন্যই সম্ভব হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আজ একটি ঐতিহাসিক দিন। গণতন্ত্র সর্বদা, স্বৈরতন্ত্র আর কখনো নয়। গণতন্ত্র সর্বদা, ফ্যাসিবাদ আর কখনো নয়।’
এর কয়েক ঘণ্টা আগে লুলা আধুনিক ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর রাজনৈতিক প্রত্যাবর্তন ঘটান। অক্টোবরের শুরুতে প্রথম রাউন্ডে হারের পর রানঅফে তিনি বলসোনারোকে ৪০ লাখের বেশি ভোটে হারান।
লুলা পেয়েছেন ৬ কোটি ৪২ লাখ ভোট, আর বলসোনারো পেয়েছেন ৫ কোটি ৯৮ লাখ ভোট — শতাংশের হিসাবে ৫১ দশমিক ৭৯ বনাম ৪৮ দশমিক ২১। এটি প্রথম রাউন্ডে লুলার পাওয়া ভোটের চেয়ে অন্তত ১ কোটি বেশি।
১৯৬৪ থেকে ১৯৮৫ সালের সামরিক শাসনের পর গণতন্ত্র ফিরে আসার পর থেকে এর আগে কখনো প্রথম রাউন্ডে হেরে যাওয়া প্রার্থী দ্বিতীয় দফার ভোটে জিততে পারেননি। লুলা রোববার ঠিক সেটাই করেছেন, যার পর সাও পাওলোসহ ব্রাজিলজুড়ে শহরগুলোর রাস্তায় আনন্দের দৃশ্য দেখা গেছে।
লুলার স্বাস্থ্যমন্ত্রী আলেকজান্দ্রে পাদিলহা ফল নিশ্চিত হওয়ার পর বলেন, ‘ব্রাজিলের জনগণের জন্য এটি একটি বিশাল বিজয়, যারা দ্বিতীয় রাউন্ডে ভাবার সুযোগ পেয়েছিলেন পরিবেশ, জাতীয় স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থার সুরক্ষা এবং সংবিধানের জন্য প্রেসিডেন্ট লুলা কী অর্থ বহন করেন, আর অতি ডানপন্থী প্রার্থী কী ঝুঁকি তৈরি করেছিলেন।’ তিনি আরও বলেন, এই বিজয় শুধু ব্রাজিলের জন্য নয়, লাতিন আমেরিকার বাকি অংশ ও বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ সংকেত।
অন্যদিকে ফ্লাভিও বলসোনারো ফল প্রত্যাখ্যান করেছেন। সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর পুত্র ফ্লাভিও লুলার জয়কে ‘সাকানাজেম’ বলে বর্ণনা করেছেন, পর্তুগিজ এই শব্দটির মোটামুটি অর্থ ‘ধোঁকাবাজি’। তাঁর বাবা জাইর বলসোনারোও ২০২২ সালে লুলার কাছে হেরে ফল মানতে অস্বীকার করেছিলেন এবং পরে অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত হন।
বিশ্বজুড়ে নেতা ও সরকারগুলো লুলাকে তাঁর এই নাটকীয় প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন জানিয়েছে।




