যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলোর আঘাতে দুজনের মৃত্যু, বিদ্যুৎহীন প্রায় ৯০ হাজার পরিবার
ঘূর্ণিঝড় বোয়েলোর আঘাতে যুক্তরাজ্যে দুজনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৯০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় বন্যা, ঘরবাড়ির ক্ষয়ক্ষতি ও যাতায়াতে বিঘ্ন ঘটেছে, আর পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) রাত পর্যন্ত চলা এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও উত্তর ইংল্যান্ডে। এসব অঞ্চলে সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে।
স্কটল্যান্ডের কিছু এলাকায় মাত্র দুই দিনে স্বাভাবিক সময়ের এক মাসের প্রায় এক-তৃতীয়াংশ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
স্কটল্যান্ডের ডামফ্রিজ এলাকায় উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। উত্তর লন্ডনে একটি চলন্ত গাড়ির ওপর গাছ ভেঙে পড়লে বিশের কোঠায় থাকা এক তরুণ প্রাণ হারান।
গাছচাপা পড়ে আহত আরও দুই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
টানা বৃষ্টিপাতের কারণে নদী ও নিচু এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের পরিবেশ সংস্থাগুলো একাধিক বন্যা সতর্কতা জারি করেছে।
ঝড় ও সড়কের ওপর গাছ ভেঙে পড়ার কারণে সড়ক ও রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। স্কটল্যান্ডের বেশ কয়েকটি প্রধান সড়ক বন্ধ রাখা হয়েছে এবং ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন বিমানবন্দরে বহু ফ্লাইট বাতিল হয়েছে কিংবা তাদের যাত্রাপথ পরিবর্তন করতে হয়েছে।
আবহাওয়া দপ্তর নতুন করে প্রবল বাতাসের সতর্কতা জারি করেছে। দপ্তর জানিয়েছে, সোমবার আবহাওয়া কিছুটা স্থিতিশীল থাকলেও মঙ্গলবার থেকে নতুন করে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হতে পারে।
এই আশঙ্কায় স্কটল্যান্ড ও উত্তর ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় নতুন করে সতর্কতা জারি রাখা হয়েছে।



