মধ্যপ্রাচ্যের ১৩ দেশের ভ্রমণ সতর্কতা হালনাগাদ যুক্তরাষ্ট্রের: পাঁচ দেশে সর্বোচ্চ ‘ভ্রমণ করবেন না’ সতর্কতা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যের ১৩টি দেশের ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে। ইরান-সমর্থিত হুথি বাহিনীর সাম্প্রতিক হামলার পর সশস্ত্র হামলা, অপহরণের ঝুঁকি ও ক্রমবর্ধমান সহিংসতা সম্পর্কে মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে।
পাঁচটি দেশ—ইরান, ইরাক, লেবানন, সিরিয়া ও ইয়েমেন—দপ্তরের সর্বোচ্চ সতর্কতা পর্যায় লেভেল ৪-এ রয়েছে, যা মার্কিনদের এসব দেশে ভ্রমণ না করার পরামর্শ দেয়। ইসরায়েল, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ আরও আটটি দেশ লেভেল ৩-এ রাখা হয়েছে, যেখানে ভ্রমণকারীদের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বলা হয়েছে।
সতর্কতার পর্যায়গুলো মূলত অপরিবর্তিত থাকলেও ১৩টি সতর্কতাই শুক্রবার হালনাগাদ করা হয়েছে বলে পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।
হালনাগাদ সতর্কতায় সৌদি আরবের রিয়াদের বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ইরান-সমর্থিত হুথিদের হামলার কথা উল্লেখ করা হয়েছে। দপ্তরের মতে, এসব হামলায় বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে এবং ভ্রমণে ব্যাপক বিঘ্ন ঘটেছে; শত্রুতা দ্রুত তাৎক্ষণিক এলাকার বাইরেও ছড়িয়ে পড়তে পারে।
ইরান, ইরাক, লেবানন, সিরিয়া ও ইয়েমেনে অপহরণ ও জিম্মি করার ঝুঁকির কথাও উল্লেখ করা হয়েছে। ইরান, ইরাক, ইসরায়েল, লেবানন, সিরিয়া ও ইয়েমেনে নাগরিক অস্থিরতাকে ঝুঁকি হিসেবে দেখানো হয়েছে এবং ইরাক ও ইয়েমেনে স্বাস্থ্যঝুঁকির কথাও বলা হয়েছে।
পররাষ্ট্র দপ্তর এসব দেশে ভ্রমণরত মার্কিনদের স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে (স্টেপ) নিবন্ধন করে মার্কিন দূতাবাসগুলোর নিরাপত্তা সতর্কতা ও হালনাগাদ তথ্য নিতে উৎসাহিত করেছে। পাশাপাশি স্থানীয় সংবাদে চোখ রাখা, পরিস্থিতি খারাপ হলে আশ্রয় নেওয়ার প্রস্তুতি রাখা এবং মার্কিন সরকারের সহায়তার ওপর নির্ভর করে না—এমন জরুরি প্রস্থান পরিকল্পনা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে পররাষ্ট্র দপ্তর আরও কয়েকটি ভ্রমণ সতর্কতা জারি করেছে। গত সপ্তাহে কেনিয়ার সতর্কতা লেভেল ২ (‘বাড়তি সতর্কতা অবলম্বন করুন’) থেকে বাড়িয়ে লেভেল ৩ (‘ভ্রমণ পুনর্বিবেচনা করুন’) করা হয়; কারণ হিসেবে স্বাস্থ্যঝুঁকি, অপরাধ, নাগরিক অস্থিরতা, অপহরণ ও সন্ত্রাসবাদের কথা বলা হয়েছে। প্রায় একই সময়ে চীনে ভ্রমণরত মার্কিনদের অন্যায় আটক, ইলেকট্রনিক নজরদারি এবং দেশ ছাড়তে বাধা দিতে পারে—এমন নিষেধাজ্ঞার ঝুঁকি সম্পর্কেও সতর্ক করা হয়েছে।




