গাজীপুরের কালিয়াকৈরে মাদকের টাকা না পেয়ে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যুর অভিযোগ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাদক সেবনের টাকা চেয়ে না পেয়ে ছেলের লাঠির আঘাতে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাতে উপজেলার ঢালজোড়া ইউনিয়নের চিনাইল দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম লভলাল চক্রবর্তী। অভিযুক্ত ছেলের নাম অর্ণব চক্রবর্তী। ঘটনার পর থেকে অর্ণব পলাতক রয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ, অর্ণব নিয়মিত মাদক সেবন করতেন। মাদক সেবনের জন্য টাকা চেয়ে না পেলেই তিনি প্রায়ই বাবাকে মারধর করতেন। এর আগেও তাকে তিনবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছিল।
সোমবার রাতে মাদক সেবনের জন্য বাবার কাছে টাকা চান অর্ণব। বাবা টাকা দিতে রাজি না হলে তিনি লাঠি দিয়ে আঘাত করেন। এতে লভলাল চক্রবর্তী মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মুক্তার জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




