সোনারগাঁয়ে ডাকাত দলের মুখে রফিকুল ইসলাম মাদানী: চালকের তৎপরতায় রক্ষা, পুলিশ পৌঁছায় দুই মিনিটে

কুমিল্লায় ওয়াজ মাহফিল শেষে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাত দলের হামলার মুখে পড়ার কথা জানিয়েছেন ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী।
রবিবার (২৫ অক্টোবর) মধ্যরাত ৩টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের বস্তল থেকে গাউসিয়াগামী পথের পাকুন্ডা এলাকায় ঘটনাটি ঘটে।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে রফিকুল ইসলাম মাদানী জানান, মহাসড়কের ওপর বড় বড় ইট-পাথর ফেলে তাদের গাড়ির গতি রোধ করার চেষ্টা করে একদল ডাকাত।
পরিস্থিতি বুঝতে পেরে চালক দ্রুত গাড়িটি ২০০ থেকে ৩০০ গজ পেছনে সরিয়ে নিরাপদ দূরত্বে নিয়ে যান। চালকের উপস্থিত বুদ্ধির কারণেই তারা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
রফিকুল ইসলাম মাদানীর অভিযোগ, ডাকাত দল সড়কের আশপাশের কয়েকজন যাত্রীর কাছ থেকে টাকা ও মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়।
তিনি বলেন, দেশে আলেম-ওলামাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তারা প্রাণে বেঁচে গেলেও ঘটনার সময় পুলিশের তৎপরতা নিয়ে অসন্তোষ ও প্রশ্ন তোলেন এই বক্তা।
তবে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, খবর পাওয়ার মাত্র দুই মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আশপাশে টহলে না থাকলে এত অল্প সময়ে পৌঁছানো সম্ভব হতো না বলে তিনি উল্লেখ করেন।
ওসি জানান, ডাকাত দলের সদস্যরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া ও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।




