শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ: প্রধান আসামি আবুল হায়াদ রূপগঞ্জ থেকে গ্রেপ্তার

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গ্রেপ্তার যুবকের নাম আবুল হায়াদ ওরফে দীপু (৩২)। সোমবার বেলা তিনটার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য বলে পুলিশ জানিয়েছে।
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ) নিয়াজ মেহেদী জানান, রমনা থানায় দায়ের করা ককটেল বিস্ফোরণের মামলার তদন্ত কর্মকর্তা তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করেন।
এরপর ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) সহযোগিতায় রূপগঞ্জে যৌথ অভিযান চালিয়ে আবুল হায়াদকে গ্রেপ্তার করা হয় বলে নিয়াজ মেহেদী জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বেলা পৌনে দুইটার দিকে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ২ নম্বর ফটকের পূর্ব পাশের সড়কে দুর্বৃত্তরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
হঠাৎ বিস্ফোরণে ওই এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
এ ঘটনার পর রমনা মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করা হয়। সেই মামলারই প্রধান আসামি হিসেবে আবুল হায়াদকে গ্রেপ্তারের কথা জানাল ডিএমপি।




