প্রধানমন্ত্রীর জাপান সফরে প্রায় আটটি সমঝোতা নিয়ে আলোচনা, তিন-চারটি সই হতে পারে: তথ্য উপদেষ্টা

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে চার দিনের সরকারি সফরে জাপানে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মঙ্গলবার (২৭ অক্টোবর) এসব তথ্য জানিয়েছেন।
সফরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠকের কর্মসূচি রয়েছে। এছাড়া তিনি জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এবং দেশটির ব্যবসায়ী ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন।
উপদেষ্টা জানান, দুই দেশের মধ্যে প্রায় আটটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে তিন থেকে চারটি এই সফরকালে স্বাক্ষরিত হতে পারে।
তথ্য উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ, শিল্পকারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও মানবসম্পদ উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি জ্বালানি সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার বিষয়গুলোও আলোচনায় থাকবে।
মঙ্গলবার রাজধানীর তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জন নিয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।




