রাঙামাটি শহরে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলাসহ আটক ১০ জন

রাঙামাটি শহরে কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটকদের মধ্যে চারজন মাদক কারবারি ও পাঁচজন মাদকসেবী। এ ছাড়া আগের একটি চুরি মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মাদক কারবারি হিসেবে আটক চারজন হলেন প্রান্ত দাশ (২৮), রিপন দাশ (২৮), জুলহাস মিয়া (৩৩) ও আকবর আলী (৩০)।
মাদকসেবী হিসেবে আটক পাঁচজন হলেন আনোয়ার (২৯), শাহাবুদ্দিন ফকির ওরফে কাজল মিয়া (৩১), সুমন মিয়া (২৮), বিশ্বাস আলী (৩০) ও আবুল কালাম (৩২)।
চুরি মামলায় গ্রেপ্তার করা হয়েছে মো. ইমাম হোসেন ওরফে রাজুকে (২৮)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেছেন, আটক ১০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাঁদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।




