জুলাই জাদুঘরে বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের জন্য বিনামূল্যে হুইলচেয়ার সেবা চালু

বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের জন্য জুলাই জাদুঘর পরিদর্শন সহজ করতে বিনামূল্যে হুইলচেয়ার সেবা চালু করেছে জাদুঘর কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে এই সেবা চালু করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে যেকোনো শারীরিক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থী জাদুঘরে এলে চলাচলের সুবিধার জন্য বিনামূল্যে হুইলচেয়ার ব্যবহারের সুযোগ পাবেন।
নতুন ব্যবস্থায় দর্শনার্থীরা জাদুঘরের প্রবেশমুখ থেকেই হুইলচেয়ার সেবা নিতে পারবেন। দর্শনার্থীর সঙ্গে পরিবারের সদস্য বা স্বজন থাকলে তাঁরা নিজেরাই হুইলচেয়ার পরিচালনা করে পুরো জাদুঘর ঘুরে দেখতে পারবেন।
কোনো বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থী একা এলে তাঁকে পুরো জাদুঘর ঘুরে দেখানো ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য জাদুঘরের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকেরা সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
জাদুঘরের অবকাঠামো ও প্রদর্শনী কক্ষগুলো যাতে হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য বাধাহীন ও নির্বিঘ্ন হয়, সে বিষয়েও বিশেষ নজর রাখা হয়েছে।
জুলাই জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ বলেন, জুলাই জাদুঘর এ দেশের প্রত্যেক নাগরিকের স্মৃতি ও অনুভূতির জায়গা। শারীরিক কোনো সীমাবদ্ধতা যেন কারও ইতিহাস জানার এবং জাদুঘর পরিদর্শনের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই এই বিশেষ সেবা যুক্ত করা হয়েছে।
এহ্সান মাহমুদ আরও বলেন, স্বজনদের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরাও প্রস্তুত থাকবেন, যাতে যেকোনো দর্শনার্থী কোনো ধরনের ভোগান্তি ছাড়া পুরো জাদুঘর ঘুরে দেখতে পারেন। তাঁর ভাষায়, জুলাই জাদুঘরকে সবার জন্য পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক ও উন্মুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই লক্ষ্য।
কর্তৃপক্ষ জানিয়েছে, জাদুঘরের অবকাঠামো তৈরির সময়ই বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের কথা ভেবে হুইলচেয়ার উপযোগী পথ তৈরি করা হয়েছিল। শারীরিক প্রতিবন্ধী দর্শনার্থী বা তাঁদের পরিবার জাদুঘরের মূল ফটকে যোগাযোগ করলেই তাৎক্ষণিকভাবে এই সেবা পাওয়া যাবে।




