লন্ডনে ব্যালন ডি’অর অনুষ্ঠান উৎসর্গ করা হলো আলজেরিয়ায় কারাবন্দি ফরাসি সাংবাদিক গ্লেইজকে

আলজেরিয়ায় সাত বছরের কারাদণ্ড ভোগ করা ফরাসি ক্রীড়া সাংবাদিক ক্রিস্তফ গ্লেইজের দুর্দশা তুলে ধরা হলো ব্যালন ডি’অর অনুষ্ঠানে। ফ্রান্স ফুটবল ম্যাগাজিন আয়োজিত মর্যাদাপূর্ণ ফুটবল পুরস্কারের এই আসর এবার বসেছিল লন্ডনে, যেখানে উপস্থাপক কেট স্কট ও থিয়েরি অঁরি অনুষ্ঠানটি উৎসর্গ করেন ৩৭ বছর বয়সী এই প্রতিবেদককে।
তাদের পেছনের বড় পর্দায় বলা হয়, তিনি এক বছর, তিন মাস ও ২৭ দিন ধরে কারাগারে আছেন, এবং তার ছবির পাশে ছিল হ্যাশট্যাগ ‘#FreeGleize’। অনুষ্ঠানের শুরুতে ব্রিটিশ সম্প্রচারক স্কট ও সাবেক আর্সেনাল খেলোয়াড় ও ফরাসি স্ট্রাইকার অঁরি বলেন, ‘ব্যালন ডি’অর ফ্রান্স ফুটবল পরিবার এই সুযোগে এই অনুষ্ঠানটি ক্রিস্তফ গ্লেইজকে উৎসর্গ করতে চায়।’
গ্লেইজ প্যারিসভিত্তিক ‘সো ফুট’ ম্যাগাজিনের জন্য আফ্রিকান ফুটবল নিয়ে বিশেষভাবে কাজ করেন এবং ‘সোসাইটি’ ম্যাগাজিনেও লেখেন। তিনি ২০২৪ সালের মে মাসে আলজেরিয়ায় গিয়েছিলেন দেশটির অন্যতম পরিচিত ফুটবল ক্লাব জুনেস স্পোর্তিভ দ্য কাবিলি (জেএসকে) নিয়ে প্রতিবেদন করতে।
ক্লাবটি অবস্থান করে রাজধানী আলজিয়ার্স থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) পূর্বে পাহাড়ি কাবিলি অঞ্চলের তিজি উজুতে, যেখানে মূলত জাতিগত আমাজিগ জনগোষ্ঠীর (ঐতিহাসিকভাবে বারবার নামে পরিচিত) বসবাস। এই অঞ্চলেই ঘাঁটি কাবিলির স্বায়ত্তশাসনের আন্দোলন (এমএকে)-এর, যাকে আলজেরিয়া ২০২১ সালে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে।
গ্লেইজের বিরুদ্ধে অভিযোগ, তিনি জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে বিবেচিত প্রকাশনা নিজের কাছে রেখেছিলেন। মামলাটির কেন্দ্রে ছিল এমএকের সঙ্গেও যুক্ত এক জেএসকে কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগ। সাংবাদিকদের অধিকার সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ), যারা তার মুক্তির জন্য প্রচার চালাচ্ছে, বলছে এই যোগাযোগগুলো হয়েছিল সাংবাদিকতার প্রেক্ষাপটে এবং কিছু যোগাযোগ হয়েছিল ওই গোষ্ঠীকে নিষিদ্ধ করার আগেই।
গত ডিসেম্বরে আপিল শুনানিতে গ্লেইজ তার প্রতিবেদনের ভুল স্বীকার করেন এবং বলেন, সাংবাদিক ভিসার জন্য আবেদন না করে পর্যটক ভিসায় আলজেরিয়ায় প্রবেশ করা তার উচিত হয়নি। আদালতকে তিনি বলেন, ‘আমি আপনার করুণা প্রার্থনা করছি, যাতে আমি আমার পরিবারের সঙ্গে আবার মিলিত হতে পারি।’ অপরদিকে কৌঁসুলিরা যুক্তি দেন, তিনি সাংবাদিকতার কাজ করতে আলজেরিয়ায় যাননি, বরং একটি শত্রুতামূলক কাজ করতে গিয়েছিলেন।
ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার অংশীদারিত্বে ফ্রান্স ফুটবল আয়োজিত ব্যালন ডি’অরের এই সিদ্ধান্তের বিষয়ে আলজেরিয়ার কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি। নিজের ৭০ বছরের ইতিহাসে প্রথমবার লন্ডনে অনুষ্ঠিত এই আসরে ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন বিশ্বের সেরা পুরুষ ফুটবলার এবং লন্ডন সিটির স্প্যানিশ মিডফিল্ডার আলেক্সিয়া পুতেয়াস সেরা নারী ফুটবলারের পুরস্কার জেতেন।
আরএসএফ ঘোষণা করেছে, গ্লেইজের আটক থাকার ৫০০তম দিন উপলক্ষে ১১ নভেম্বর একটি সংহতি ফুটবল ম্যাচ হবে, যা তার মুক্তির দাবিতে তাদের প্রচারের অংশ। প্রথম অংশগ্রহণকারীদের মধ্যে ঘোষণা করা হয়েছে সাবেক ফরাসি আন্তর্জাতিক খেলোয়াড় রবের পিরেস ও বিকাশ ধোরাসু এবং প্যারিসের মেয়র এমানুয়েল গ্রেগোয়ারকে।
প্রতিবেদনে বলা হয়েছে, আলজেরিয়ায় লেখক ও অন্যান্য জনব্যক্তিত্বের বিরুদ্ধে মামলা ও কারাদণ্ড নিয়ে ব্যাপক উদ্বেগের মধ্যেই এসেছে গ্লেইজের মামলাটি। ফরাসি-আলজেরীয় লেখক বুয়ালেম সানসাল জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করার দায়ে পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছিলেন, পরে ২০২৫ সালে জার্মানির প্রেসিডেন্টের মধ্যস্থতার পর প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেবুনের কাছ থেকে ক্ষমা পান।
গ্লেইজের গ্রেপ্তার হয়েছিল ফ্রান্স ও আলজেরিয়ার মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ার সময়ে, যখন রাষ্ট্রদূত প্রত্যাহার ও পারস্পরিক কূটনীতিক বহিষ্কারের ঘটনা ঘটে। ২০২৪ সালের জুলাইয়ে ফ্রান্স পশ্চিম সাহারার ওপর মরক্কোর সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার পর সম্পর্ক আরও খারাপ হয়; আলজেরিয়া বিতর্কিত ওই অঞ্চলের স্বাধীনতাকামী পোলিসারিও ফ্রন্টকে সমর্থন করে। সম্পর্কের উন্নতি শুরু হলে মে মাসে ফ্রান্সের বিচারমন্ত্রী জেরাল দারমানাঁ আলজিয়ার্স সফর করে আলজেরিয়ার কর্তৃপক্ষের কাছে গ্লেইজকে ‘ফ্রান্সের সঙ্গে নয়, তার মায়ের সঙ্গে’ মিলিত হতে দেওয়ার আহ্বান জানান এবং বলেন, তিনি বিশ্বাস করেন প্রেসিডেন্ট তেবুন এই অনুরোধে সাড়া দেবেন।



