…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

কাকরাইলে জামায়াত আমির শফিকুর রহমান: কোনো ফ্যাসিবাদী শক্তির হাতে দেশকে ইজারা দেব না

নিজস্ব প্রতিবেদক
কাকরাইলে জামায়াত আমির শফিকুর রহমান: কোনো ফ্যাসিবাদী শক্তির হাতে দেশকে ইজারা দেব না
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এই বাংলাদেশ আমাদের সবার। কোনো ফ্যাসিবাদী শক্তির হাতে বাংলাদেশকে ইজারা দেব না। আমরা আমাদের বাংলাদেশকে দেখে-শুনে রাখব, পাহারা দিয়ে রাখব।’

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ কখনো স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন শেষে ক্ষমতা থেকে বিদায় নিতে পারেনি। দলটি সব সময় লাঞ্ছিত ও অপমানিত হয়ে বিদায় নিয়েছে। কেউ যদি আবার সেই পথ অনুসরণ করতে চান, তাহলে তাদের পরিণতিও ভিন্ন হবে না।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা কোনো প্রতিহিংসার বিচার চাই না, ন্যায়বিচার চাই। অন্যায়ভাবে কাউকে ফাঁসি দেওয়া তো দূরের কথা, কারও একটি লোম ধরে টান দেওয়া হোক তাও আমরা চাই না। তবে ন্যায়বিচার হলে প্রতিটি অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে।’

বিগত সময়ে গুম ও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারের দুর্ভোগের কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, তার দলের অনেক সহকর্মী নির্যাতনের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাদের কারও কারও কবর এখনো পরিবারের সদস্যরা খুঁজে পাননি। অনেক মা-বাবা এখনো জানেন না, তাদের সন্তান বেঁচে আছেন, নাকি মারা গেছেন। মারা গিয়ে থাকলে তার কবর কোথায়, সেটিও তারা জানেন না। তিনি বলেন, গত ১৫ বছরে এসব ঘটনা ঘটেছে, এরপরও কেউ কেউ সেই শক্তিকে আশকারা দিচ্ছেন।

বিরোধীদলীয় নেতা বলেন, রাজনীতি যদি মানুষ হত্যা করার নাম হয়, তাহলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে। কিন্তু রাজনীতি যদি মানুষের কল্যাণে দেশ গড়া, দেশকে এগিয়ে নেওয়া, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্য দূর করার নাম হয়, তাহলে আওয়ামী লীগের সেই যোগ্যতা নেই। এ কারণে বাংলাদেশে দলটির রাজনীতি করার অধিকার থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সমর্থকদের ভবিষ্যৎ প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ওই দলের মধ্যে যারা ভালো মানুষ এবং দেশকে ভালোবাসেন, তারা নিজেদের পছন্দ অনুযায়ী রাজনৈতিক ঠিকানা খুঁজে নেবেন। তবে ফ্যাসিবাদ বাংলাদেশে আবার ফিরে আসবে—এমন কল্পনা কাউকে না করার আহ্বান জানান তিনি।

জুলাইয়ে নিহত ব্যক্তিদের স্মরণ করে তিনি বলেন, মহান আল্লাহ যেন তাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করেন। তাদের রক্তের কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে আজীবন স্মরণ রাখা হবে। তাদের রক্তের ঋণ শোধ করার সর্বাত্মক চেষ্টা চালানো হবে এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না।

রাজনৈতিক সংস্কার ও গণভোট প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, মানুষ ফ্যাসিবাদের পরিবর্তন চেয়েছিল বলেই পরিবর্তনের পক্ষে গণভোটে রায় দিয়েছিল। সংবিধানে শুধু কিছু পরিবর্তন আনা বা ঘোষণাপত্রের বাধ্যবাধকতা পূরণ করার জন্য মানুষ গণভোটে রায় দেয়নি। মানুষ চেয়েছিল রাজনীতির পরিবর্তন, দেশ ও জনগণের কল্যাণে এমন একটি রাজনৈতিক ব্যবস্থা, যেখানে আর কেউ ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ পাবে না।

সরকারের উদ্দেশে শফিকুর রহমান বলেন, তার দলের সঙ্গে যারা দীর্ঘদিন ফ্যাসিবাদের যন্ত্রণা ভোগ করেছেন এবং বর্তমানে সরকারে আছেন, তারা যেন অতীতের অভিজ্ঞতা ভুলে না যান। অতীত ভুলে গেলে কোনো লাভ হবে না।

জামায়াত আমির বলেন, ‘অতীতেও আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করিনি, এখনো করব না, ইনশাআল্লাহ। জনগণের জন্য, ন্যায় ও ইনসাফের একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য এবং সব হত্যাকাণ্ডের খুনিদের বিচারের আওতায় আনার জন্য আমরা লড়াই চালিয়ে যাব।’

রাজনীতি বিভাগের আরও খবর

প্রধানমন্ত্রীর আশপাশের লোকজনকে মানুষ আগেও দেখেনি, ভবিষ্যতেও দেখবে না: মোহাম্মদপুরে হাসনাত আব্দুল্লাহ
রাজনীতি

প্রধানমন্ত্রীর আশপাশের লোকজনকে মানুষ আগেও দেখেনি, ভবিষ্যতেও দেখবে না: মোহাম্মদপুরে হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আশপাশে থাকা ব্যক্তিদের সাধারণ…

গোলাম পরওয়ারের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার বৈঠকের খবর সঠিক নয়, প্রতিবাদ জামায়াতের
রাজনীতি

গোলাম পরওয়ারের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার বৈঠকের খবর সঠিক নয়, প্রতিবাদ জামায়াতের

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সঠিক নয় …

রাজনীতি

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি, সরকারের অবস্থান জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের মন্তব্যের সঙ্গে দ্বিমত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন…

পুরানা পল্টনে হামলা ও সিপিবি কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে শাহবাগে ছাত্র-যুব ইউনিয়নের বিক্ষোভ, হামলার বিচার দাবি
রাজনীতি

পুরানা পল্টনে হামলা ও সিপিবি কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে শাহবাগে ছাত্র-যুব ইউনিয়নের বিক্ষোভ, হামলার বিচার দাবি

রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ যুব ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার…