ইন্দোনেশিয়ার পালাংকা রায়ায় দাবানলের ধোঁয়ায় শ্বাসকষ্ট, বাসিন্দাদের জন্য চালু ‘অক্সিজেন বাস’
দাবানলের ধোঁয়ার কারণে ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের পালাংকা রায়া শহরের বাসিন্দারা শ্বাসকষ্টে ভুগছেন। এমন পরিস্থিতিতে সেখানে চালু করা হয়েছে বিশেষ বাস, যেখানে ধোঁয়া থেকে স্বস্তি দিতে থাকবে অক্সিজেন ও চিকিৎসাকর্মী।
পালাংকা রায়া সেন্ট্রাল কালিমানতান প্রদেশের মধ্যে পড়ে। বাসে অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি চিকিৎসাকর্মী রয়েছেন এবং শহরের বাসিন্দারা বাসে উঠে নলের মাধ্যমে ৫ থেকে ১০ মিনিট অক্সিজেন নিতে পারছেন।
বাসগুলোর রং নীল ও সাদার মিশেলে। একটি বাসে থাকা এক চিকিৎসাকর্মী বলেন, সেখানে আসা বেশির ভাগ মানুষের কাশি হচ্ছে বা শ্বাস নিতে সমস্যা হচ্ছে।
বাসে অক্সিজেন নেওয়া ৪৪ বছর বয়সী ওকতাভিনা বলেন, এটি প্রকৃতির কারণে সৃষ্ট একটি দুর্যোগ এবং তাঁদের করার তেমন কিছুই নেই।
ইন্দোনেশিয়ায় দাবানল নিয়মিত দেখা যায় এবং মূলত সুমাত্রা ও বোর্নিও দ্বীপে এই ধরনের আগুন বেশি লাগে। এবারের দাবানলকে বলা হচ্ছে এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ।
এই দাবানলের জেরে ইন্দোনেশিয়ার পাশাপাশি প্রতিবেশী দেশ মালয়েশিয়া ও সিঙ্গাপুরের আকাশও ধোঁয়ায় কমলা রঙের হয়ে উঠেছে এবং খুব শিগগির আগুন নেভার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দাবানলের কারণে দেশটিতে শ্বাসতন্ত্রের রোগীর সংখ্যা বাড়ছে; আগস্ট থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এই ধরনের রোগে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ, যার মধ্যে সেন্ট্রাল কালিমানতান প্রদেশেই আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৩১ হাজার।


