…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ভিড়ের মেট্রোরেলে আসন চেয়েও পাননি, মেঝেতে পড়ে মারা গেলেন শিক্ষক নজীবুর রহমান

নিজস্ব প্রতিবেদক
ভিড়ের মেট্রোরেলে আসন চেয়েও পাননি, মেঝেতে পড়ে মারা গেলেন শিক্ষক নজীবুর রহমান
ছবি: সংগৃহীত

ঢাকায় মেট্রোরেলের প্রচণ্ড ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা ৬৪ বছর বয়সী নজীবুর রহমান অসুস্থ বোধ করে বসে থাকা যাত্রীদের কাছে কয়েকবার বসতে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। কেউ সাড়া দেননি বলে অভিযোগ তাঁর ছেলে নাকিবুর রহমানের। এর এক থেকে দুই মিনিটের মধ্যে তিনি মেট্রোরেলের মেঝেতে পড়ে যান; পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নাকিবুর রহমান বলেন, ‘ছেলে হিসেবে আজীবন একটাই আক্ষেপ থাকবে, কেউ যদি আব্বুকে বসতে দিতেন। তাহলে হয়তো বাবা এভাবে নিচে না পড়ে, কারও কোলে মাথা রেখে মারা যেতে পারতেন।’

নজীবুর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। ২৪ অক্টোবর বিকেলে মেট্রোরেলে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়।

নাকিবুর রহমান জানান, ২৪ অক্টোবর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একটি অনুষ্ঠানে অংশ নিতে যান তাঁর বাবা। অনুষ্ঠান শেষে বেলা তিনটার দিকে শাহবাগ মেট্রোস্টেশন থেকে উত্তরার উদ্দেশে মেট্রোরেলে ওঠেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক; তাঁর কাছ থেকেই নাকিবুর এই ঘটনা শুনেছেন।

কয়েক দিনের ছুটি শেষ হওয়ায় সেদিন মেট্রোরেলে প্রচণ্ড ভিড় ছিল। বসার আসন না পেয়ে দুজনই ভেতরের হাতল ধরে দাঁড়িয়ে ছিলেন। ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে একপর্যায়ে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়।

বেলা সাড়ে তিনটার দিকে মেট্রোরেল শেওড়াপাড়া এলাকায় পৌঁছালে ঠেলাঠেলির মধ্যে নজীবুর রহমান অসুস্থ হয়ে পড়েন। এ সময় আসনে বসে থাকা যাত্রীদের কাছে কয়েকবার বসার সুযোগ চেয়েছিলেন তিনি, কিন্তু কেউ সাড়া দেননি। এর এক থেকে দুই মিনিটের মধ্যে তিনি মেঝেতে পড়ে যান।

পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীরা তাঁকে ধরে তোলার চেষ্টা করেন। শোরগোল শুনে তাঁর সহকর্মীও পরে সেখানে আসেন। অন্য যাত্রীদের সহায়তায় পরীক্ষা করে তাঁরা বুঝতে পারেন, নজীবুর রহমান বেঁচে নেই। নাকিবুর রহমান বলেন, তাঁর ধারণা, মেট্রোরেলের ভেতরে পড়ে যাওয়ার সময়ই তাঁর বাবার মৃত্যু হয়েছিল।

নাকিবুর জানান, তাঁর বাবার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ছিল। তাঁকে মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশনে নামানোর পর আনসার সদস্যদের সহায়তায় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে তাঁকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। বাবার সহকর্মীদের কাছ থেকে খবর পেয়ে সেখানে যান নাকিবুর। বিকেল সাড়ে পাঁচটার দিকে চিকিৎসকেরা তাঁর বাবাকে মৃত ঘোষণা করেন।

বাবার মৃত্যুর সময় পরিবারের কেউ পাশে ছিলেন না। নাকিবুর জানান, তাঁর মা ও ছোট ভাই ওমরাহ পালনে সৌদি আরবে ছিলেন এবং বিমানের টিকিটসংক্রান্ত জটিলতায় তাঁরা সময়মতো দেশে ফিরতে পারেননি। তাঁর বোন পরিবার নিয়ে নিউজিল্যান্ডে থাকেন, আরেক ভাইও সেখানে পড়াশোনা করেন; তাঁরাও বাবার মৃত্যুর পর দেশে আসতে পারেননি। পরিবারের এই সদস্যদের ছাড়াই বরিশালের গৌরনদী উপজেলায় গ্রামের বাড়িতে নজীবুর রহমানকে দাফন করা হয়।

নাকিবুর রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বাবার মৃত্যুর ঘটনা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি কাউকে দোষারোপ করছি না। যে কেউ এমন পরিস্থিতিতে পড়তে পারেন। বয়স্ক মানুষের প্রতি আমাদের সবার সহানুভূতিশীল হওয়া উচিত। তাঁদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করুন।’

জাতীয় বিভাগের আরও খবর

ঢাকা সেনানিবাসে শেষ হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দশম ল্যান্ড ফোর্সেস টকস, সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্ব
জাতীয়

ঢাকা সেনানিবাসে শেষ হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দশম ল্যান্ড ফোর্সেস টকস, সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্ব

সামরিক সহযোগিতা জোরদার, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় এবং কৌশলগত অংশীদারত্ব সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে …

জাতীয়

ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামে প্রায় দুই ঘণ্টার বিদ্যুৎ বিভ্রাট, কারণ খুঁজতে পাঁচ সদস্যের কমিটি

রাজধানী ঢাকার পূর্বাঞ্চলের বড় একটি এলাকা এবং চট্টগ্রামের কিছু অংশ মঙ্গলবার দুপুরে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ে। দুপুর ১২টা ৪৩ মিনিটে একযোগে এসব এ…

কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, ১৫ কারখানায় ছুটি
জাতীয়

কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, ১৫ কারখানায় ছুটি

গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। তাঁরা কারখানায় ভাঙচুর ও মহাসড়ক অবরোধ করেছেন। পরিস্থিতির অবনতি …

জাতীয়

চট্টগ্রামের বাকলিয়ায় বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ২৮ হাজার ৮০০ ইয়াবা উদ্ধার, যাত্রী গ্রেপ্তার

কক্সবাজার থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মালামাল রাখার বক্সে থাকা হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছ…