…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

শীর্ষ বৈঠকের পর এক্স পোস্টে তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রী তাকাইচির, ‘বিগ-বি’ উন্নীত নতুন কাঠামোয়

নিজস্ব প্রতিবেদক
শীর্ষ বৈঠকের পর এক্স পোস্টে তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রী তাকাইচির, ‘বিগ-বি’ উন্নীত নতুন কাঠামোয়
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। টোকিওতে দুই প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকের পর নিজের অফিসিয়াল ‘এক্স’ অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি বাংলাদেশকে গণতন্ত্র ও আইনের শাসনের মতো মূল্যবোধে বিশ্বাসী বন্ধু রাষ্ট্র হিসেবে অভিহিত করেন এবং জাতীয় উন্নয়নে তারেক রহমান সরকারের প্রচেষ্টার প্রতি জোরালো সমর্থনের প্রতিশ্রুতি দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের জাপান সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার টোকিওতে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এই দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। এরপরই এক্স পোস্টে জাপানের প্রধানমন্ত্রী লেখেন, ‘গণতন্ত্র ও আইনের শাসনের মতো অভিন্ন মূল্যবোধের অংশীদার বন্ধু হিসেবে, প্রধানমন্ত্রী রহমানকে তাঁর দায়িত্ব গ্রহণের জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’

সানায়ে তাকাইচি বলেন, ‘গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গঠিত রহমান প্রশাসনের জাতি গঠনমূলক প্রচেষ্টাকে জাপান জোরালো সমর্থন দেবে।’ তাঁর এই বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রতি জাপানের স্বীকৃতি এবং নতুন সরকারের সঙ্গে সহযোগিতা আরও গভীর করার আগ্রহ ফুটে উঠেছে।

জাপানের প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক’ অঞ্চল গড়ার ক্ষেত্রে বাংলাদেশ জাপানের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াকে সংযুক্তকারী বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থানের ওপর গুরুত্বারোপ করেন।

তাকাইচি জানান, উভয় নেতা ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ বা ‘বিগ-বি’ উদ্যোগকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এই উদ্যোগটি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার একটি মূল ভিত্তি।

দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই উদ্যোগটিকে ‘শেয়ারিং প্রসপারিটি বিগ-বি’ নামক একটি নতুন কৌশলগত সহযোগিতা কাঠামোয় উন্নীত করা হবে বলেও তিনি জানান।

জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার কথাও তুলে ধরেন। তিনি বাংলাদেশকে ১৭ কোটি মানুষের একটি বিশাল ও তরুণ জনগোষ্ঠীর বাজার হিসেবে বর্ণনা করে বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়াকে সংযুক্তকারী বাংলাদেশ জাপানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্রমশ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে তাকাইচি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সঙ্গে জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতার পরপরই জাপান যে স্বীকৃতি দিয়েছিল, তার প্রশংসা করেছেন।

তাঁর ভাষ্যমতে, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের বিভিন্ন খাতে জাপানের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, জাপানকে বাংলাদেশের জনগণের জন্য একটি বিশেষ অংশীদার হিসেবে অভিহিত করেন এবং স্বাধীনতার পর থেকে বাংলাদেশের প্রতি জাপানের অবিচল সমর্থনের কথা স্বীকার করেন।

জাপানের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশ সরকারি ও বেসরকারি পর্যায়ের উদ্যোগের মাধ্যমে তাদের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে। তিনি শীর্ষ সম্মেলনের পর প্রকাশিত যৌথ বিবৃতির কথা উল্লেখ করে লেখেন, ‘আমাদের দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের আওতায় এবং আজ ঘোষিত নেতৃবৃন্দের যৌথ বিবৃতির আলোকে—আমরা সরকারি ও বেসরকারি পর্যায়ের উদ্যোগের মাধ্যমে একসঙ্গে কাজ করব।’

তাকাইচি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও অভিন্ন সমৃদ্ধি এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে আমি প্রধানমন্ত্রী রহমানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করব।’

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

কক্সবাজারের ইনানীতে ২০ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ২০০ থেকে ২৫০ মিটার এলাকায় সতর্কতা

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে বেরিয়ে আসা গ্যাসে লাগা আগুন ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও নেভানো যায়নি। বুধবার (২৮ অক্টোবর) র…

ভিড়ের মেট্রোরেলে আসন চেয়েও পাননি, মেঝেতে পড়ে মারা গেলেন শিক্ষক নজীবুর রহমান
জাতীয়

ভিড়ের মেট্রোরেলে আসন চেয়েও পাননি, মেঝেতে পড়ে মারা গেলেন শিক্ষক নজীবুর রহমান

ঢাকায় মেট্রোরেলের প্রচণ্ড ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা ৬৪ বছর বয়সী নজীবুর রহমান অসুস্থ বোধ করে বসে থাকা যাত্রীদের কাছে কয়েকবার বসতে দেওয়ার অনুরোধ জ…

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের, আসছে বিশেষ আইন: বিদ্যুৎমন্ত্রী
জাতীয়

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের, আসছে বিশেষ আইন: বিদ্যুৎমন্ত্রী

সরকার ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালা…

ঢাকা সেনানিবাসে শেষ হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দশম ল্যান্ড ফোর্সেস টকস, সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্ব
জাতীয়

ঢাকা সেনানিবাসে শেষ হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দশম ল্যান্ড ফোর্সেস টকস, সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্ব

সামরিক সহযোগিতা জোরদার, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় এবং কৌশলগত অংশীদারত্ব সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে …