রংপুরের মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, এক যাত্রী নিহত, আহত অন্তত ১২

রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) ভোর ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় বাসটিতে থাকা তিন নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
রংপুরের বড়দরগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত যাত্রীর নাম-পরিচয় পুলিশ জানাতে পারেনি।
পুলিশ ও এলাকাবাসী জানান, ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জে শাহ আমানত পেট্রোল পাম্পের উল্টো দিকের মাজার মসজিদের সামনে মাটিভর্তি একটি ডাম্প ট্রাক দাঁড়িয়ে ছিল।
সকাল ৬টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী খান এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে এসে ডাম্প ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী মারা যান।
দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী যৌথভাবে বাস থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। নিহতের মরদেহ বড়দরগা হাইওয়ে থানায় নেওয়া হয়।
ওসি মোয়াজ্জেম উদ্দিন জানান, ডাম্প ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে একজন মারা গেছেন এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
দুর্ঘটনায় কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বিঘ্নিত হলেও ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে তা স্বাভাবিক করা হয় বলে ওসি জানান। তিনি বলেন, আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।




