বাকুতে টাইব্রেকারে সেশেলসকে ৪-২ গোলে হারাল বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ দল

আজারবাইজানের বাকুতে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের প্লেট পর্বের ম্যাচে সেশেলসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। বুধবার শেষ ৩২-এর লড়াইয়ের এই ম্যাচে নির্ধারিত ৪০ মিনিটের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়।
ম্যাচে বাংলাদেশের হয়ে গোল করেন রাতুল। ২৮ মিনিটে তার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে নির্ধারিত সময়ের খেলা শেষে দুই দলকে আলাদা করা যায়নি। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় তুলে নেয় বাংলাদেশের কিশোররা।
সব মিলিয়ে এই আসরে ছয় ম্যাচে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়।
ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে পর্তুগালের কাছে ৩-১ গোলে হারে দল। তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা।
এরপর বুরুন্ডির বিপক্ষে ২-০ গোলে হারের পর ফিজিকে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ। এবার সেশেলসকে টাইব্রেকারে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিল দলটি।



