আসামে বাল্যবিবাহবিরোধী অভিযানে এক সপ্তাহে গ্রেপ্তার ৫২৪ জন, মামলা ৪৪১টি

ভারতের আসাম রাজ্যে বাল্যবিবাহের বিরুদ্ধে চলা অভিযানে এক সপ্তাহে ৫০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে ৫২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৪৪১টি মামলা নথিভুক্ত হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধের সঙ্গে জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না। তিনি আসামকে বাল্যবিবাহমুক্ত রাজ্যে পরিণত করার কথা বলেন।
২০২৩ সালে শুরু হওয়া এই বিশেষ অভিযানের আওতায় আসাম পুলিশ ধারাবাহিকভাবে রাজ্যের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে আসছে।
অভিযানে শুধু অপ্রাপ্তবয়স্কদের বিয়ে করা বরকেই নয়, বিয়ের আয়োজন, সহায়তা বা সম্পাদনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সর্বশেষ মঙ্গলবার ধুবড়ি জেলায় সদর থানার অধীনে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। পরে গৌরীপুর, গোলকগঞ্জ, আগমনী, সাপটগ্রাম, বিলাসিপাড়া, চাপর ও ফকিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আরও ৪৬ জনকে আটক করা হয়।
একই দিনে নগাঁও জেলার জুরিয়া এলাকায় একটি সম্ভাব্য বাল্যবিবাহের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। সেখানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
চরাইদেও জেলার মোরানহাট এলাকায় বাল্যবিবাহসংক্রান্ত মামলায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। বকো-ছয়গাঁও এলাকায় কলহিকাশ, সোনতলি ও মন্দিরাসহ একাধিক এলাকায় রাতভর অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন অপ্রাপ্তবয়স্ক কনের সঙ্গে বিয়ে করা বর এবং সেই বিয়ের আয়োজন বা সহায়তা করার অভিযোগে অভিযুক্ত বাবা-মা ও অভিভাবকেরা।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বাল্যবিবাহ নিষিদ্ধকরণ আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে।



