আনসার-ভিডিপির প্রান্তিক শক্তি লিমিটেড পেল রিক্রুটিং লাইসেন্স, সফিপুরে চালু প্রশিক্ষণ কেন্দ্র
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহযোগী প্রতিষ্ঠান প্রান্তিক শক্তি লিমিটেডকে আনুষ্ঠানিকভাবে বৈদেশিক রিক্রুটিং লাইসেন্স হস্তান্তর করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লাইসেন্সটি হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সকাল ১০টায় মন্ত্রী একাডেমিতে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানানো হয়।
প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত ব্রিফিং শেষে মন্ত্রী নবনির্মিত প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্র (পিএসটিসি) উদ্বোধন করেন।
উদ্বোধনের পর মন্ত্রী কেন্দ্রটির ৬জি ওয়েল্ডিং কর্মশালা, আধুনিক ড্রাইভিং সিমুলেটর প্রদর্শনী, গ্রিন এনার্জি (সৌরবিদ্যুৎ) প্রশিক্ষণ এবং ভ্রাম্যমাণ আইসিটি প্রশিক্ষণ বাস ঘুরে দেখেন। এরপর তিনি কুটির শিল্প প্রশিক্ষণ কেন্দ্র, জাপানি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র ও ল্যাঙ্গুয়েজ ল্যাব, আতিথেয়তা ও রন্ধনশিল্প (হসপিটালিটি অ্যান্ড কালিনারি) প্রশিক্ষণ কেন্দ্রসহ নির্মাণ ও অন্যান্য কারিগরি প্রশিক্ষণ শেড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি একাডেমি প্রাঙ্গণে দরবার হলের কাছে একটি স্মারক বৃক্ষরোপণ করেন।
দুপুর সাড়ে ১২টায় একাডেমির অডিটোরিয়ামে মূল অনুষ্ঠানে প্রধান অতিথি ডিজিটাল প্ল্যাটফর্মে ক্লিকের মাধ্যমে ‘প্রান্তিক ট্রাভেলস’ এবং স্মার্ট ‘ফেসিয়াল অ্যাটেনডেন্স সিস্টেম’ উদ্বোধন করেন। এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে আভি ওয়েলফেয়ার ট্রাস্টের সমঝোতা চুক্তির অংশীদার তিনটি জাপানি কোম্পানির কর্ণধাররা বাহিনীর সদস্যদের দক্ষতা ও দ্বিপাক্ষিক অংশীদারত্ব নিয়ে মতামত তুলে ধরেন।
স্বাগত বক্তব্যে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বাহিনীর ৬০ লাখ সদস্যের জীবনমান উন্নয়নে বৈদেশিক কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় প্রশিক্ষণ সক্ষমতা আধুনিকীকরণ করা হয়েছে।
তিনি বলেন, জাপানের শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং প্রধানমন্ত্রীর জাপান সফরকে কেন্দ্র করে সৃষ্ট প্রায় দুই লাখ কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগাতে আনসার-ভিডিপির প্রশিক্ষিত জনবল প্রস্তুত রয়েছে।
মহাপরিচালক আরও বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে আস্থা অর্জনে দক্ষতা ও কমপ্লায়েন্স নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে বিএমইটির ১০৪টি টিটিসি ও আনসার-ভিডিপির তৃণমূল নেটওয়ার্ক সমন্বিতভাবে কাজ করতে পারে। নব উদ্বোধিত ডিজিটাল ডেটাবেজ বিএমইটির সঙ্গে যুক্ত হয়ে স্বচ্ছতা নিশ্চিত করবে। নিজস্ব সিআরএম প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে কর্মরত সদস্যদের সার্বক্ষণিক সেবা ও নিরাপত্তা সহায়তা দেওয়া হবে বলেও তিনি জানান।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর বড় পরিকল্পনা বাস্তবায়নে আনসার-ভিডিপির এই প্রশিক্ষণ প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ অংশীদার হতে যাচ্ছে। রিক্রুটিং লাইসেন্স পাওয়ার মধ্য দিয়ে আনসার-ভিডিপি তাদের কার্যক্রম আরও প্রাতিষ্ঠানিক, গতিশীল ও কার্যকর করে তুলতে পারবে বলে তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন।
মন্ত্রী উল্লেখ করেন, আনসার-ভিডিপির প্রশিক্ষণ প্রকল্পগুলো টিটিসির সঙ্গে সমন্বিতভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। এই প্রশিক্ষণ উদ্যোগের মাধ্যমে প্রমাণ করা যাবে যে বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা দক্ষ, এবং এক্ষেত্রে বৈধ প্রক্রিয়াগুলো কঠোরভাবে অনুসরণ করতে হবে।
অনুষ্ঠানে আনসার ব্যাংকের বিদেশগমন ঋণ ও শেয়ারসংক্রান্ত সেবার কথাও উল্লেখ করা হয়। বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, রিক্রুটিং লাইসেন্স ও প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে সদস্যদের জন্য বৈধ ও নিরাপদ বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি, কারিগরি, প্রযুক্তিগত ও ভাষাগত প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে দক্ষ জনশক্তি তৈরি এবং দালালচক্রের শোষণ রোধে এই উদ্যোগ কাজ করবে। সহজ শর্তের ‘প্রবাসী লোন’, ‘প্রান্তিক ট্রাভেলস’ ও ফেসিয়াল অ্যাটেনডেন্সের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম বিদেশগমনের ব্যয় ও প্রক্রিয়া সহজ করবে বলেও বাহিনী জানিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে বাহিনীর পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের মাধ্যমে আয়োজন শেষ হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ এবং একাডেমির কমান্ড্যান্ট ও অতিরিক্ত মহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেলসহ আমন্ত্রিত অতিথিরা।




