কুষ্টিয়ার সাবেক এমপি আবদুর রউফ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদের অভিযোগে দুদকের দুটি মামলা

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রউফ ও তাঁর স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।
মামলার তথ্য অনুযায়ী, দুদক আবদুর রউফের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৬৫ লাখ ১০ হাজার ৬০৫ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার সত্যতা পেয়েছে।
তাঁর স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্বামীর ক্ষমতার অপব্যবহার করে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার ২৯২ টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। দুদক এই অপরাধের সত্যতা পাওয়ার পরই স্বামী-স্ত্রীর বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে।
এ বিষয়ে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন, নির্বাচনী হলফনামায় দাখিল করা সম্পদের তথ্য ও মাঠপর্যায়ে অনুসন্ধানে তাঁদের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জনের সত্যতা মেলায় মামলা করা হয়েছে।




