মিরপুর টেস্টে বাংলাদেশের ২৭২ রানের জবাবে ক্যাম্পবেলের ফিফটি, বৃষ্টিতে বন্ধ ওয়েস্ট ইন্ডিজের ইনিংস

মিরপুর টেস্টে বাংলাদেশের ২৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে ব্রেন্ডন কিংকে হারালেও তেজনারায়ণ চন্দরপল ও জন ক্যাম্পবেলের ব্যাটে দ্রুত রান তুলেছে ক্যারিবীয়রা।
এরই মধ্যে ফিফটি তুলে নিয়েছেন ক্যাম্পবেল। টেস্ট ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ অর্ধশতক, টানা তৃতীয়।
হাসান মাহমুদের বলে কিং আউট হওয়ার আগে করেন ১৫ রান। এরপর বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন চন্দরপল ও ক্যাম্পবেল। দুজনের ব্যাটে ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে দ্রুত রান যোগ হতে থাকে।
ইনিংসের শুরুতে ৫ ও ২২ রানে দুইবার জীবন পেয়েছেন ক্যাম্পবেল। সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ অর্ধশতক।
এর আগে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ২১৩ রানে ৩ উইকেট নিয়ে ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। দিনের শুরুতে সেঞ্চুরির অপেক্ষা ঘুচিয়ে ১০৫ রানে থামেন সাদমান ইসলাম।
সাদমানের বিদায়ের পরই বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামে। একের পর এক উইকেট হারিয়ে লাঞ্চ বিরতির আগেই গুটিয়ে যায় স্বাগতিকদের প্রথম ইনিংস।
ওয়েস্ট ইন্ডিজের স্পিনার জোমেল ওয়ারিক্যানের ঘূর্ণি ও শামার জোসেফের গতির সামনে আর দাঁড়াতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। মেহেদী হাসান মিরাজ করেন ১৫ রান, নাঈম হাসানের ব্যাট থেকে আসে ৫ রান। বাকিরা ইনিংস বড় করতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ৯৭ দশমিক ৪ ওভারে ২৭২ রানে অলআউট হয় বাংলাদেশ।
আলোকস্বল্পতার কারণে দ্রুতই চা বিরতির সিদ্ধান্ত দেন আম্পায়াররা। খেলাও বন্ধ থাকে ২০ মিনিট। এরপর শুরু হয় বৃষ্টি।
চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত সফরকারী ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ১ উইকেট হারিয়ে ৮৯ রান। ক্যাম্পবেল ৫৩ ও তেজনারায়ণ ২১ রানে অপরাজিত ছিলেন।




