যশোরের অভয়নগরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগের মামলায় প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার, অভিযুক্ত শিক্ষক পলাতক

যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় সহায়তার অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জুলিয়া আফরিন ও দফতরি মোস্তাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ।
ঘটনার পর থেকে মূল অভিযুক্ত সহকারী শিক্ষক ইমরান হোসেন পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
বুধবার রাতে নওয়াপাড়া বাজার এলাকা থেকে জুলিয়া আফরিন ও মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার তাদের ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ লুৎফর রহমান জানান, গত ২৬ অক্টোবর বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যায় চতুর্থ শ্রেণির ওই ছাত্রী।
অভিযোগ অনুযায়ী, এ সময় সহকারী শিক্ষক ইমরান হোসেন বাথরুমে ঢুকে মেয়েটির মুখ চেপে ধরে ধর্ষণ করেন। পরে কাউকে কিছু জানালে মেরে ফেলার হুমকি দেন তিনি বলে অভিযোগে বলা হয়েছে।
পুলিশ জানায়, পরদিন মেয়েটি স্কুলে যেতে না চাইলে তার মা কারণ জানতে চান। তখন সে শিক্ষকের দ্বারা ধর্ষণের শিকার হওয়ার কথা জানায়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে যান। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে মামলা করেন।
ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ভুক্তভোগীর অভিভাবক ও স্বজনেরা ঘটনাটি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জুলিয়া আফরিনকে জানান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জুলিয়া আফরিন কোনো পদক্ষেপ না নিয়ে দফতরি মোস্তাফিজুর রহমানের সহায়তায় অভিযুক্ত শিক্ষককে পালিয়ে যেতে সহায়তা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে তাদের আটক করা হয়েছে।
পলাতক শিক্ষক ইমরান হোসেনকে গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন শেখ লুৎফর রহমান। দ্রুত তাকে গ্রেফতার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।




