চীনের হুবেই প্রদেশের সঙ্গে শিক্ষা সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ, ‘রেকর্ড অব নোটস’ স্বাক্ষরের প্রস্তাব

চীনের হুবেই প্রদেশের সঙ্গে শিক্ষার্থী বিনিময়, শিক্ষক প্রশিক্ষণ ও যৌথ গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে যৌথ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে দুই পক্ষের মধ্যে ‘রেকর্ড অব নোটস’ স্বাক্ষরের প্রস্তাব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার চীনের হুবেই প্রভিন্সিয়াল ডিপার্টমেন্ট অব এডুকেশনের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই প্রস্তাব দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিনিয়র সচিব আবদুল খালেক। প্রতিনিধিদলে ছিলেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব ফারহান ইশতিয়াক। অন্যদিকে হুবেই প্রদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রভিন্সিয়াল ডিপার্টমেন্ট অব এডুকেশনের উপমহাপরিচালক দুয়ান জুহুই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দুয়ান জুহুই বলেন, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় হুবেইয়ের উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে। বর্তমানে প্রদেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৩০ জন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন।
দুয়ান জুহুই বলেন, বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বাগত জানাতে আগ্রহী হুবেই। শিক্ষার্থী বিনিময়, শিক্ষক প্রশিক্ষণ, যৌথ গবেষণা ও প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে শিক্ষা সহযোগিতা আরও গভীর করতে চায় প্রদেশটি।
বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়ন অগ্রাধিকার তুলে ধরেন সিনিয়র সচিব আবদুল খালেক। তিনি বলেন, সহযোগিতার পরবর্তী কার্যক্রম ত্বরান্বিত করা এবং যৌথ কর্মপরিকল্পনা বাস্তবায়নে দুই পক্ষের একটি ‘রেকর্ড অব নোটস’ স্বাক্ষর করা উচিত।
দুয়ান জুহুই শিক্ষার্থী বিনিময় ও শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণ এবং হুবেইয়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীর ভর্তির ওপর গুরুত্ব দেন।
পাশাপাশি তিনি ভবিষ্যৎ সংলাপ ও সহযোগিতা জোরদারে হুবেইয়ের প্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
বৈঠকে বাংলাদেশ ও হুবেই প্রদেশের মধ্যে শিক্ষার্থী বিনিময়, শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ একাডেমিক প্রকল্প এগিয়ে নেওয়ার বিভিন্ন বাস্তবসম্মত উপায় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ এসব ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে সম্মত হয়।




