…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে শিশুর মরদেহ উদ্ধারের পরদিন হাসপাতালে বাবারও মৃত্যু, প্রতিবেশী আটক

নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শিশুর মরদেহ উদ্ধারের পরদিন হাসপাতালে বাবারও মৃত্যু, প্রতিবেশী আটক
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পাঁচ বছর বয়সী শিশু তোয়াবা আক্তারের মরদেহ উদ্ধারের একদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার বাবা গোলাপ হোসেনেরও মৃত্যু হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে বাবা-মেয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় প্রতিবেশী সোহরাব হোসেনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের একটি ইটভাটার পাশের পরিত্যক্ত জমি থেকে তোয়াবার মরদেহ উদ্ধার করা হয়।

একই দিন দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাপ হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

গোলাপ হোসেনের বয়স ৩২ বছর। তিনি রামকৃষ্ণদী গ্রামের জয়নাল মিয়ার ছেলে। স্ত্রী-সন্তান নিয়ে তিনি একই ইউনিয়নের দোসরপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন।

পুলিশ জানায়, বুধবার বিকালে রামকৃষ্ণদী গ্রামের একটি ইটভাটায় কর্মরত বাবার সঙ্গে দেখা করতে যান গোলাপ। রাত ৮টার দিকে মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

পথে রামকৃষ্ণদী বাজারে মেয়েকে নিয়ে চা পান করেন গোলাপ। পরে পাথরঘাটা গ্রামে পৌঁছালে কয়েকজন মুখোশধারী তাদের পথরোধ করেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশকে গোলাপ জানিয়েছিলেন, এ সময় তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং তার মেয়েকে নিয়ে যাওয়া হয়।

গোলাপ পরে বাবার বাড়িতে পৌঁছালে তার বাবা জয়নাল মিয়া বুধবার রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গোলাপকে মারধর ও জোর করে বিষ খাওয়ানোর অভিযোগ করা হয়েছিল। হাসপাতালের নথিতে বিষক্রিয়া ও শরীরে আঘাতের উল্লেখ ছিল বলে পুলিশ জানিয়েছে।

প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতালে থাকার পরামর্শ দেওয়া হলেও ভোরের দিকে তিনি আব্দুল্লাহপুরের স্বদেশ হাসপাতালে যান। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন বলেন, গোলাপের বক্তব্যের সূত্র ধরে প্রতিবেশী সোহরাব হোসেনকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, গোলাপের শ্বশুরবাড়ির আত্মীয়দের সঙ্গে সোহরাবের জমিসংক্রান্ত মামলা-মোকদ্দমা চলছে। এ বিরোধের জেরে উভয় পক্ষের কয়েকজনের কারাভোগের তথ্যও পাওয়া গেছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

নিহত শিশুর নানি তাসলিমা বলেন, প্রতিবেশী সোহরাবের সঙ্গে তার ছেলের জমি নিয়ে বিরোধ রয়েছে। তার ধারণা, এ বিরোধের জেরেই জামাতা ও নাতনিকে হত্যা করা হয়েছে। গোলাপের মা হাসু বেগমও জানান, সোহরাবদের সঙ্গে তার ছেলের জমি নিয়ে আদালতে মামলা চলছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে শিশুর মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তের চেষ্টা করতে গিয়ে গোলাপের অবস্থানের তথ্য পাওয়া যায়। পরে তার চিকিৎসাধীন থাকার বিষয়টি নিশ্চিত হয়।

শিশু তোয়াবার মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গোলাপের মরদেহের ময়নাতদন্ত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে হবে। ঘটনার তদন্তে সিরাজদিখান থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দল কাজ করছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

যাত্রাবাড়ীর ধলপুরে এসআরবির অভিযানের সময় গুলিতে কারখানাশ্রমিক মারুফ নিহত, প্রাণঘাতী গুলি কার—প্রশ্নের জবাব মেলেনি
আইন ও অপরাধ

যাত্রাবাড়ীর ধলপুরে এসআরবির অভিযানের সময় গুলিতে কারখানাশ্রমিক মারুফ নিহত, প্রাণঘাতী গুলি কার—প্রশ্নের জবাব মেলেনি

‘তাড়াতাড়ি রান্না করো, অনেক ক্ষুধা লেগেছে। আমি আসছি’—স্ত্রী মীম আক্তার রুনাকে এ কথা বলে ঘর থেকে বেরিয়েছিলেন কারখানাশ্রমিক মারুফ ওরফে দুখু মিয়া। কিছ…

দেশে ৪৬ লাখের বেশি মামলা বিচারাধীন, ২ হাজার ৩০০ বিচারকের জন্য পাহাড়সম চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
আইন ও অপরাধ

দেশে ৪৬ লাখের বেশি মামলা বিচারাধীন, ২ হাজার ৩০০ বিচারকের জন্য পাহাড়সম চ্যালেঞ্জ: আইনমন্ত্রী

দেশে ৪৬ লাখের বেশি মামলা বিচারাধীন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এই বিপুলসংখ্যক মামলা ২ হাজার ৩০০ জন ব…

আইন ও অপরাধ

সিরাজগঞ্জে টহল গাড়ির সামনে নিষিদ্ধ যুবলীগের মিছিলের ভিডিও: যমুনা সেতু পশ্চিম থানার চার পুলিশ ক্লোজড

সিরাজগঞ্জে পুলিশের টহল গাড়ির সামনে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল ও পুলিশ সদস্যদের হুমকি দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানার চ…

নেত্রকোনার মোহনগঞ্জে মামলার জেরে বসতঘরে আগুনের অভিযোগ, বাড়ি ছেড়েছে হেপি আক্তারের পরিবার
আইন ও অপরাধ

নেত্রকোনার মোহনগঞ্জে মামলার জেরে বসতঘরে আগুনের অভিযোগ, বাড়ি ছেড়েছে হেপি আক্তারের পরিবার

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শুকদেবপুর গ্রামে মামলা তুলে না নেওয়ায় এক নারীর বসতঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনার পর…