পাঁচ হলুদ কার্ডের পরও নিষেধাজ্ঞা নেই মেসির, রেহাই দিল ‘সুআচরণ’ নীতি
মেজর লিগ সকারে (এমএলএস) পাঁচটি হলুদ কার্ড দেখার পরও কোনো নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না লিওনেল মেসিকে। সর্বশেষ বৃহস্পতিবার সিনসিনাটির বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে ইন্টার মায়ামি অধিনায়ক আবার হলুদ কার্ড দেখেন। নিয়ম অনুযায়ী এতে এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা থাকলেও আপাতত তিনি মুক্ত থাকছেন, ফলে পরের ম্যাচেই দলের হয়ে মাঠে নামতে তাঁর কোনো বাধা নেই।
সিনসিনাটি ম্যাচের ৪৪ মিনিটে প্রতিপক্ষ মিডফিল্ডার স্যামুয়েল গুইডিকে ফাউল করে বসেন মেসি। রেফারি মুহূর্তের মধ্যে হলুদ কার্ড দেখিয়ে তাঁকে সতর্ক করেন। রেফারির সিদ্ধান্তে যে মেসি বেশ বিরক্ত হয়েছিলেন, তা তাঁর শরীরী ভাষাতেই স্পষ্ট ছিল।
এর আগে চলতি মৌসুমে কলোরাডো র্যাপিডস, অরল্যান্ডো সিটি, ন্যাশভিল ও আটলান্টার বিপক্ষে ম্যাচেও হলুদ কার্ড দেখেছিলেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। সাধারণত পাঁচ হলুদ কার্ড হলেই এক ম্যাচের বাধ্যতামূলক নিষেধাজ্ঞা পেতে হয়; কিন্তু এমএলএসের একটি বিশেষ নিয়মের কারণেই এবার বেঁচে গেছেন তিনি।
এমএলএসের এই নিয়মের নাম ‘গুড বিহেভিয়ার’ বা সুআচরণ নীতি। মাঠে ধারাবাহিক শৃঙ্খলা বজায় রাখা ফুটবলারদের পুরস্কৃত করতেই এই ব্যবস্থা রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় টানা পাঁচ বা তার বেশি ম্যাচ হলুদ কার্ড ছাড়াই খেলতে পারলে তাঁর আগের জমে থাকা কার্ডের তালিকা থেকে একটি কার্ড কেটে দেওয়া হয়।
তবে এই সুবিধার একটি শর্তও রয়েছে। পুরো মৌসুমে একজন খেলোয়াড় সর্বোচ্চ তিনবার এই বিশেষ সুবিধা পেতে পারেন। এই কোটা শেষ হয়ে গেলে বিরতি দিয়ে ম্যাচ খেললেও আর কোনো কার্ড মুছে যাবে না।
মেসির ক্ষেত্রে এই সুআচরণ নীতি ইতোমধ্যে দুবার কাজ করেছে। অরল্যান্ডো সিটি ও ন্যাশভিলের ম্যাচের মাঝে তিনি টানা পাঁচ ম্যাচ কার্ডমুক্ত ছিলেন। আবার দ্বিতীয় কার্ড ও আটলান্টার বিপক্ষে পাওয়া কার্ডের মধ্যে ব্যবধান ছিল দীর্ঘ ১০ ম্যাচের।
এ কারণে সিনসিনাটির বিপক্ষে কার্ড দেখার পরও মেসির আনুষ্ঠানিক শৃঙ্খলা রেকর্ডে কার্যকর হলুদ কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে মাত্র তিনটি। পাঁচ কার্ডের কোটা পূর্ণ না হওয়ায় রোববার নিয়মিত মৌসুমের ৩৩তম ম্যাচে নিউ ইংল্যান্ড রেভোলিউশনের বিপক্ষে মাঠে নামতে কোনো বাধা নেই ইন্টার মায়ামি অধিনায়কের।




