মিরপুর টেস্টের তৃতীয় দিনে শরীফুলের আঘাতে ভাঙল চন্দরপলের জুটি, লিডের লড়াইয়ে বাংলাদেশ

মিরপুর টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম উইকেটের জুটি ভেঙে লিড নেওয়ার লড়াইয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশকে ২৭২ রানে অলআউট করার পর দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৩৪ রান। এই প্রতিবেদন লেখার সময় তৃতীয় দিনে সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ১৯২ রান; স্বাগতিকেরা এখনো ৮০ রানে এগিয়ে।
দ্বিতীয় দিনের খেলা শেষে সাদমান ইসলাম জানিয়েছিলেন, তৃতীয় দিনে যতটা সম্ভব দ্রুত ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করতে চায় বাংলাদেশ। বোলাররা সেই চেষ্টাতেই দিন শুরু করেন।
৩৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে তৃতীয় দিন শুরু করেন তেজনারায়ণ চন্দরপল ও জাস্টিন গ্রিভস। আজ এই জুটি আর খুব বেশিদূর এগোয়নি। ৪৩ রান নিয়ে ব্যাট করতে নামা চন্দরপল ফিরেছেন ৫৬ রানে। শরীফুল ইসলামের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন তিনি। চন্দরপল ফিরলে পঞ্চম উইকেটে ওয়েস্ট ইন্ডিজের ৬৫ রানের জুটি ভাঙে।
চন্দরপলের বিদায়ের পর ক্রিজে আসেন রোস্টন চেজ। গ্রিভসকে নিয়ে প্রথম ইনিংসে এগিয়ে থাকার লড়াই করতে হবে অধিনায়ক চেজকে। এই জুটিই এখন সফরকারীদের শেষ ভরসা, কারণ এরপর আর কোনো স্বীকৃত ব্যাটার নেই তাদের। তাই যা করার, চেজ-গ্রিভস জুটিকেই করতে হবে। এই জুটি ভাঙতে পারলে লিড নেওয়ার ভালো সুযোগ তৈরি হবে বাংলাদেশের জন্য।
গতকাল দুই পাশ থেকে হাসান মাহমুদ ও শরীফুলকে দিয়ে আক্রমণ শুরু করেছিলেন শান্ত। পেসারদের একমাত্র সাফল্য ছিল জন ক্যাম্পবেলের উইকেট; এই ওপেনারকে ফেরান হাসান। আজ দিনের শুরুতে তেজনারায়ণকে ফেরালেন শরীফুল।
একাদশে দুই পেসারের বিপরীতে তিন স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। গতকাল ওয়েস্ট ইন্ডিজের পতন হওয়া চার উইকেটের তিনটাই নেন স্পিনাররা। তাইজুল ইসলাম নেন দুটি এবং মেহেদী হাসান মিরাজ নেন একটি উইকেট।
আজও স্পিনারদের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। কারণ ঢাকা টেস্টের সময় যত গড়াবে, ততই সুবিধা পাবেন স্পিনাররা। তাইজুল-মিরাজরা সেই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশকে লিড এনে দিতে পারেন কি না, এখন সেটাই দেখার।




