নারী ক্রিকেটে আট বিভাগের কোচ নিয়োগ চূড়ান্ত করছে বিসিবি, দায়িত্বে সাবেক ক্রিকেটাররা
দেশের নারী ক্রিকেটকে এগিয়ে নিতে বিভাগীয় পর্যায়ে কোচ নিয়োগের উদ্যোগ বাস্তবায়নের পথে এগিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আট বিভাগের জন্য কোচ নিয়োগ প্রায় চূড়ান্ত হয়েছে বলে বিসিবি সূত্রে জানা গেছে।
বিসিবি সূত্রের তথ্য অনুযায়ী, নারী ক্রিকেটের জন্য আট বিভাগে নিয়োগ দেওয়া হচ্ছে পাঁচজন নারী কোচ এবং তিনজন পুরুষ প্রধান কোচ। এ ছাড়া সহকারী কোচ ও ম্যানেজারের দায়িত্বও চূড়ান্ত হয়েছে।
নিয়োগের ক্ষেত্রে সাবেক ক্রিকেটার এবং লেভেল-১ কোচিং সনদ থাকা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তালিকায় জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে খেলা একাধিক সাবেক ক্রিকেটারও রয়েছেন।
চূড়ান্ত তালিকায় প্রধান কোচ, সহকারী কোচ ও ম্যানেজারের দায়িত্বে যাঁদের নাম রয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন রেশমা আক্তার আদুরী, আরিফা জাহান বীথি, আয়েশা রহমান শুকতারা ও পান্না ঘোষের মতো সাবেক নারী ক্রিকেটাররা। সহকারী কোচ ও ম্যানেজারের তালিকাতেও রয়েছেন একাধিক সাবেক খেলোয়াড় ও কোচ।
এর আগে বিসিবি তৃণমূলে স্কুল ক্রিকেট চালুর পাশাপাশি বিভাগীয় পর্যায়ে নারী কোচ নিয়োগের ঘোষণা দিয়েছিল। এবার সেই ঘোষণার বাস্তবায়ন শুরু হচ্ছে বলে সূত্র জানিয়েছে।
বিভাগীয় পর্যায়ে নিয়মিত কোচের অধীনে প্রশিক্ষণের সুযোগ তৈরি হলে তৃণমূল থেকে নারী ক্রিকেটার উঠে আসার পথ সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আট বিভাগে একসঙ্গে এই কাঠামো চালু হলে জাতীয় দলের জন্য খেলোয়াড়ের জোগানও বাড়বে।




