ডেঙ্গুতে এক দিনে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ২৬২ জন

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪১৮ জনের।
শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ২৬২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৩৩ হাজার ৩৬৭ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে—৪৩৫ জন। চট্টগ্রাম বিভাগে ভর্তি হয়েছেন ২৬৮ জন এবং বরিশাল বিভাগে ১৮২ জন।
এ ছাড়া খুলনা বিভাগে ১৩১ জন, রাজশাহী বিভাগে ১১২ জন, ময়মনসিংহ বিভাগে ৭৫ জন, রংপুর বিভাগে ৪৮ জন এবং সিলেট বিভাগে ১১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।




