তিন বছর পর আর্জেন্টিনা-জার্মানি নারী প্রীতি ম্যাচ দিয়ে খুলছে ম্যারাডোনা স্টেডিয়াম
তিন বছর ধরে সংস্কারের জন্য বন্ধ থাকার পর আর্জেন্টিনার ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়াম আবার খুলতে চলেছে। আর্জেন্টিনা ও জার্মানির মেয়েদের দলের প্রীতি ম্যাচ দিয়ে স্টেডিয়ামটি আনুষ্ঠানিকভাবে আবার যাত্রা শুরু করবে।
২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠেয় মেয়েদের বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি ম্যাচ হিসেবে দুই দল এই ম্যাচটি খেলবে।
স্টেডিয়ামটি বুয়েনস আইরেসের লা প্লাতায় অবস্থিত। ২০২৩ সালে সংস্কারের জন্য এটি বন্ধ করে দেওয়া হয়েছিল; এরপর থেকে সেখানে সব ধরনের ক্রীড়া কার্যক্রম বন্ধ ছিল। সংস্কারকাজ এখনও চলছে।
২৯ নভেম্বরের ম্যাচ দিয়ে এই মাঠে আবার ফুটবল ফিরবে বলে জানানো হয়েছে।
ম্যারাডোনার মৃত্যুর পর এস্তাদিও সিউদাদ দে লা প্লাতা থেকে নাম বদলে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কিংবদন্তির নামে স্টেডিয়ামটির নাম রাখা হয়েছে।
স্টেডিয়ামটি পরিচালনা করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংস্থাটির প্রটোকল কমিটির সভাপতি ফার্নান্দো ইসলাস কাসারেস জানান, সংস্কারকাজের প্রায় ২৫ শতাংশ শেষ হয়েছে।
জার্মান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, আর্জেন্টিনার রাজধানীর কাছে অবস্থিত এস্তাদিও উনিকো ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়াম পুনরায় খুলে দেওয়া উপলক্ষে আয়োজিত প্রীতি ম্যাচে জার্মানির মেয়েরা স্বাগতিকদের মুখোমুখি হবে।




