…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

তাহসিফের মৃত্যু: জিজ্ঞাসাবাদে বন্ধু দীপের কথায় একের পর এক অসংগতি, যাচাই ছাড়া কিছুই মানছে না পিবিআই

নিজস্ব প্রতিবেদক

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদে তাঁর জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেওয়া তথ্যে একাধিক অসংগতি পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শুক্রবার (৩০ অক্টোবর) পিবিআই ঢাকা মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান এ তথ্য জানান। তিনি বলেন, তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় মাদকসংক্রান্ত বিষয় ও নারীসংক্রান্ত বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

অতিরিক্ত ডিআইজি জানান, তাঁরা কেন তুরাগ নদ-সংলগ্ন বাজার বস্তি মাঠে গিয়েছিলেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদে একেক সময় একেক তথ্য দিচ্ছেন দীপ। ওই মাঠে যাওয়ার কারণ ছাড়াও তাঁদের সঙ্গে কোনো নারী কিংবা অন্য কেউ ছিলেন কি না, সে বিষয়েও তিনি স্পষ্ট তথ্য দিচ্ছেন না।

পিবিআই সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে একপর্যায়ে দীপ তদন্তকারীদের বলেন, তিনি ওই মাঠে যাননি; তাহসিফ তাঁকে বলেছিলেন, তিনি ওই মাঠে যাবেন। এরপর তদন্তকারীরা পাল্টা প্রশ্ন করেন, তিনি যদি মাঠে না গিয়ে থাকেন, তাহলে মোটরসাইকেলটি মাঠের কোন জায়গায় ছিল, তা কীভাবে জানেন। এই প্রশ্নের জবাবে দীপ আবার বক্তব্য বদলে বলেন, তিনি মাঠে গিয়েছিলেন, তাহসিফ তাঁকে মোটরসাইকেলে করে ওই মাঠে নিয়ে গিয়েছিলেন এবং তিনি আগে থেকে ওই মাঠ চিনতেন না।

তবে মাঠে কেন গিয়েছিলেন, সে বিষয়ে এখনো সঠিক কোনো উত্তর দিচ্ছেন না দীপ। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীপ খুবই ঠান্ডা মাথায় ও শান্ত স্বভাবে তদন্তকারীদের সব প্রশ্নের উত্তর নিজের মতো করে দিচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে দীপকে জিজ্ঞাসাবাদ করা এক কর্মকর্তা বলেন, টঙ্গী মাজার বস্তি-সংলগ্ন ওই মাঠে মাদক সেবন করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই স্থানে এর আগেও একাধিকবার অভিযান চালিয়েছে। তাহসিফ ও দীপ মাদকসংক্রান্ত বিষয়ে সেখানে গিয়ে থাকতে পারেন, এমন কিছু সূত্র পাওয়া যাচ্ছে। তবে মাদক সেবনের জন্য ঢাকা থেকে বের হয়ে তাঁরা টঙ্গীর ওই মাঠে কেন যাবেন, তা নিয়ে দীপকে একাধিকবার প্রশ্ন করা হলেও তিনি ভিন্ন ভিন্ন উত্তর দিচ্ছেন।

জিজ্ঞাসাবাদে যুক্ত আরেক কর্মকর্তা বলেন, তাহসিফের সঙ্গে ওই রাতে একজন নারীও ছিলেন। তাঁকে নিয়ে তাহসিফ বেশ কয়েকটি জায়গায় যান। ওই নারী শেষ পর্যন্ত ওই মাঠে গিয়েছিলেন কি না, নাকি মাঠে যাওয়ার আগে তাঁকে বাসায় দিয়ে আসা হয়েছিল, সে বিষয়ে তদন্ত চলছে।

দীপের দেওয়া তথ্যের বরাতে অতিরিক্ত ডিআইজি আরও বলেন, দীপ জানিয়েছেন, সেখানে পুলিশের মতো দুজনকে দেখে তাঁরা দৌড় দেন। এখন ওই দুজন কারা ছিলেন, আদৌ কোনো পুলিশ সদস্য ছিলেন কি না, ইউনিফর্ম পরা পুলিশ ছিলেন কি না কিংবা কারও দায়িত্ব ছিল কি না, তা যাচাই করে দেখা হবে।

তদন্তকারীরা বলছেন, দীপের দেওয়া কোনো তথ্যই যাচাই ছাড়া বিশ্বাস করা হচ্ছে না। পাশাপাশি গত ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টার পর নিজ বাসা থেকে বের হয়ে তাহসিফ কোথায় কোথায় গিয়েছিলেন, তা প্রযুক্তির সহায়তায় জানার চেষ্টা চলছে। ওই দিন রাত সাড়ে ১২টা পর্যন্ত দীপের সঙ্গে তাহসিফের ফোন ও হোয়াটসঅ্যাপে ১০ থেকে ১২ বার কথা হয়; এসব কলের কোনোটি কয়েক সেকেন্ডের, আবার কিছুর দৈর্ঘ্য কয়েক মিনিট। তাঁর ফোনের কললিস্ট, হোয়াটসঅ্যাপের কললিস্ট ও বার্তা ফরেনসিক পরীক্ষার মাধ্যমে বিশ্লেষণ করা হচ্ছে।

মামলা না হওয়ার বিষয়ে পিবিআই ঢাকা মেট্রো উত্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নিহতের পরিবার মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। মামলা হলে সব বিষয় সামনে রেখে তদন্ত করা হবে। নিহতের পরিবার কেন মামলা করছে না, সে বিষয়েও তদন্ত করা হবে।

এদিকে শুক্রবার রাতে রাজধানীর আগারগাঁওয়ে পিবিআই ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে দীপের বাবা, ছোট ভাই ও মামাকে দেখা যায়। দীপের বিষয়ে তাঁর বাবা কোনো কথা বলতে চাননি। নাম প্রকাশ না করার শর্তে দীপের মামা বলেন, পড়াশোনাসংক্রান্ত বিষয়ে তাহসিফ ও দীপের পরিচয় হয় এবং সেই পরিচয় থেকে বন্ধুত্ব হয়; তাহসিফ দীপের মোহাম্মদপুরের বাসায় যাতায়াত করতেন। তবে দীপ বা তাঁর পরিবারের কেউ তাহসিফের জানাজা ও দাফনে অংশ নেননি বলে তিনি জানান। কেন যাননি, এমন প্রশ্নে তিনি কোনো উত্তর দেননি।

মৃত্যুর কারণ অনুসন্ধানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের ফরেনসিক বিভাগ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের সময় অর্গান নমুনা হিসেবে তাহসিফের পাকস্থলী ও কিডনি সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া ভিসেরা ও রক্তও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ডিএনএ পরীক্ষার জন্যও নমুনা পাঠানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ফরেনসিক বিভাগের এক কর্মকর্তা বলেন, মরদেহটি ১০ থেকে ১২ ঘণ্টা পানির নিচে ছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে, পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত নির্ভুলভাবে মৃত্যুর কারণ বলা যাবে না। তিনি আরও বলেন, বিমানবাহিনীর কর্মকর্তা হিসেবে তাহসিফের সাধারণত সাঁতার জানার কথা; তিনি এমন অবস্থায় পানিতে পড়েছিলেন কি না, যেখানে সাঁতার দেওয়ার সক্ষমতা ছিল না, সেটিও বিবেচনায় আসছে। পরীক্ষায় তিনি মাদক বা নেশাজাতীয় বস্তু গ্রহণ করে থাকলে তাও জানা যেতে পারে। শনিবার (৩১ অক্টোবর) প্রতিবেদন আসার কথা রয়েছে।

সার্বিক তদন্তের বিষয়ে অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান বলেন, ‘তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় বেশ কয়েকটি বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে। তবে এখনো প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করা যায়নি। আমরা বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করছি। এ ছাড়া দীপ আমাদের যা বলছে, সব কথাই আমরা বিশ্বাস করছি না। আমরা তার দেওয়া তথ্য যাচাই করছি।’

জাতীয় বিভাগের আরও খবর

আরিচা-টাঙ্গাইল সড়ক প্রকল্পে ‘হস্ত রশিদে’ ১৩ কোটি ৭৫ লাখ টাকার বিল, স্যালভেজের কোটি টাকা না কেটেই ছাড়
জাতীয়

আরিচা-টাঙ্গাইল সড়ক প্রকল্পে ‘হস্ত রশিদে’ ১৩ কোটি ৭৫ লাখ টাকার বিল, স্যালভেজের কোটি টাকা না কেটেই ছাড়

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩টি জেলার সঙ্গে ঢাকা, ময়মনসিংহ বিভাগ ও উত্তরাঞ্চলের সরাসরি যোগাযোগের বিকল্প পথ হিসেবে ২০২২ সালে আরিচা (বরঙ্গাইল)-ঘিওর-দৌল…

মিরপুর-১-এ দখলমুক্ত ফুটপাতে স্বস্তি পথচারীদের, অটোরিকশার জট আর বাজার হারানোর অসন্তোষ পাশাপাশি
জাতীয়

মিরপুর-১-এ দখলমুক্ত ফুটপাতে স্বস্তি পথচারীদের, অটোরিকশার জট আর বাজার হারানোর অসন্তোষ পাশাপাশি

ঢাকার মিরপুর-১ নম্বর এলাকার সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করায় স্বস্তি ফিরেছে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। আগে যেখানে হাঁটাচলাই কঠি…

গফরগাঁওয়ে চলন্ত মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ইঞ্জিন এগিয়ে গেল দুই কিলোমিটার
জাতীয়

গফরগাঁওয়ে চলন্ত মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ইঞ্জিন এগিয়ে গেল দুই কিলোমিটার

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বগি বিচ্ছিন্ন হওয়ার পর রেলের ইঞ্জিন কয়েকটি বগি নিয…

জাতীয়

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে ঢাকার গুরুত্বারোপ

বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা এবং বিকল্প অর্থায়নে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে দুই দেশের অর্থমন্ত্রী পর্যায়ের…