…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

ক্যান্সার রোগী ও পরিচর্যাকারীদের মানসিক সেবায় ‘ইকোলজিক্যাল মডেল’ গড়ার আহ্বান ঢাবির সেমিনারে

নিজস্ব প্রতিবেদক

ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি, ক্যান্সার সারভাইভার ও তাঁদের পরিচর্যাকারীদের মানসিক স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরতে শুক্রবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন (সিসিসিএফ) এই সেমিনারের আয়োজন করে।

“পসিকোলোজিক্যাল সাপোর্ট ফর ক্যান্সার পাটিয়েন্টস, সুরভিভোর্স এন্ড ক্যারেজিভার্স” শীর্ষক সেমিনারের শুরুতে প্রয়াত ক্যান্সার লড়াকুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন সিসিসিএফের প্রেসিডেন্ট রোকশানা আফরোজ এবং তিনিই মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক গোলাম মহিউদ্দিন ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. সানজিদা আখতার, আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের প্যালিয়েটিভ কেয়ার ইউনিটের বিশেষজ্ঞ ডা. নাদিয়া ফারহীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রভাষক লিজা আক্তার।

আলোচক হিসেবে অংশ নেন সিসিসিএফের নির্বাহী কমিটির সদস্য ডা. এ. জে. ফয়সেল, মানসিক স্বাস্থ্য ও সুস্থতাবিষয়ক কোচ এবং জনস্বাস্থ্য পেশাজীবী ডা. ইতুকি চাকমা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং অ্যান্ড ওয়েলনেস সেন্টারের জ্যেষ্ঠ কাউন্সেলর ও সমন্বয়ক শামী সুরিদ। সঞ্চালনা করেন সিসিসিএফের নির্বাহী সদস্য মো. তরিকুল ইসলাম লিটন ও হৃদিয়া আফরোজ রাকা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের আজীবন সদস্য ডা. এস. এম. শহীদুল্লাহ।

মূল প্রবন্ধে রোকশানা আফরোজ ক্যান্সার চিকিৎসাকে শুধু শারীরিক চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ না রেখে রোগীর মানসিক ও মনোসামাজিক চাহিদাকেও সমান গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তিনি বলেন, ক্যান্সার নির্ণয়ের পর রোগী ও তাঁর পরিবারের সদস্যরা ভয়, উদ্বেগ, অনিশ্চয়তা, আর্থিক চাপ এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার মধ্য দিয়ে যেতে পারেন। চিকিৎসার প্রতিটি পর্যায়ে তাঁদের মানসিক অবস্থার প্রতি সংবেদনশীল থাকা, প্রয়োজন অনুযায়ী কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা এবং পরিচর্যাকারীদের সহায়তা নিশ্চিত করা জরুরি।

তিনি ক্যান্সারসেবার সঙ্গে মানসিক স্বাস্থ্যসেবার সমন্বয় এবং এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সিসিসিএফের নির্বাহী কমিটির সদস্য জ্যেষ্ঠ ডা. আবু জামিল ফয়সাল তাঁর বক্তব্যে ক্যান্সারসেবায় চিকিৎসা ও মানসিক স্বাস্থ্য সহায়তার মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, রোগীর চিকিৎসা পরিকল্পনার পাশাপাশি মানসিক চাপ, উদ্বেগ ও পারিবারিক পরিস্থিতির বিষয়গুলো বিবেচনায় নেওয়া উচিত।

ডা. ইতুকি চাকমা তাঁর বক্তব্যে মানসিক সুস্থতা বজায় রাখা, মানসিক চাপ মোকাবিলা এবং সহায়ক পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, রোগী ও পরিচর্যাকারীদের মানসিক অবস্থার পরিবর্তনকে গুরুত্ব দিয়ে দেখা, তাঁদের অভিজ্ঞতা প্রকাশের সুযোগ দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী পেশাদার সহায়তার সঙ্গে যুক্ত করা জরুরি।

অস্ট্রেলিয়ায় মেয়ের চিকিৎসাকালীন অভিজ্ঞতা থেকে তিনি পারিবারিক সমর্থন, অন্য অভিভাবকদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি, মিউজিক থেরাপি এবং পরিচর্যাকারীদের বিশ্রামের সুযোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি আরও বলেন, চিকিৎসার প্রক্রিয়া সহজ করা, রোগী ও পরিচর্যাকারীদের প্রয়োজন বোঝা এবং তাঁদের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে মানসিক স্বাস্থ্য সহায়তা আরও কার্যকর করা সম্ভব।

সেমিনারে ক্যান্সার আক্রান্ত ব্যক্তি, সারভাইভার ও তাঁদের পরিচর্যাকারীদের মানসিক স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করা, চিকিৎসা ব্যবস্থার সঙ্গে মনোসামাজিক সহায়তার সমন্বয় এবং পরিবার ও সমাজের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সিসিসিএফের মতে, ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে চিকিৎসার পাশাপাশি মানসিক শক্তি, সহমর্মিতা ও সামাজিক সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন (সিসিসিএফ) একটি স্বেচ্ছাসেবী ও অলাভজনক সামাজিক সংগঠন, যা সমাজসেবা অধিদপ্তরের অধীনে নিবন্ধিত। সংগঠনটি ক্যান্সার আক্রান্ত ব্যক্তি, সারভাইভার ও তাঁদের পরিবারের সহায়তায় মানসিক স্বাস্থ্য সহায়তা, প্রয়োজনীয় তথ্য প্রদান, সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

ছুটির দিনেও ঢাকার বাতাস সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর, একিউআই ১১৫

ছুটির দিন শুক্রবারেও রাজধানী ঢাকার বাতাসের মান স্বাস্থ্যঝুঁকির পর্যায়েই রয়ে গেছে। শুক্রবার সকালে বায়ুমান সূচকে ঢাকার বাতাসকে সংবেদনশীল জনগোষ্ঠীর জন…

স্বাস্থ্য

ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতার বিকল্প নেই, সৈয়দপুর হাসপাতাল ঘুরে বললেন স্বাস্থ্য মহাপরিচালক

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেছেন, দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। ত…

স্বাস্থ্য

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে টিউবলাইটে আগুন, আতঙ্কের পর নিরাপদে নামলেন রোগীরা

মুন্সীগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে বৈদ্যুতিক টিউবলাইটে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৭টা ১৫ মিনিটে হাসপাতালের সাততলা ভ…

স্বাস্থ্য

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ সরকারের: মনোহরদীতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নিয়েছে বলে জানি…