ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতার বিকল্প নেই, সৈয়দপুর হাসপাতাল ঘুরে বললেন স্বাস্থ্য মহাপরিচালক
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেছেন, দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। তিনি ডেঙ্গুকে একটি জনস্বাস্থ্যগত চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত আটটার দিকে নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মহাপরিচালক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। যেখানে পানি জমে থাকে, সেই পানি ফেলে দিতে হবে এবং বাসাবাড়ির অলিগলি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। তাঁর ভাষায়, সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতার মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় রংপুর বিভাগীয় পরিচালক ডা. মোহাম্মদ ওয়াজেদ আলী, নীলফামারীর সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক এবং সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নূরুল হুদা উপস্থিত ছিলেন।

