সৌদি রুটে ১৫৯ ফ্লাইট বাতিল: সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ভোগান্তিতে ২২ হাজার ৭২১ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৫৯টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এর ফলে এসব ফ্লাইটের ২২ হাজার ৭২১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই তথ্য জানিয়েছে। বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ শুক্রবার রাতে এসব তথ্য জানান।
বাতিল হওয়া ১৫৯টি ফ্লাইটের মধ্যে ৮২টি ছিল সরাসরি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারের ২০টি এবং রিয়াদ এয়ারের ১৫টি ফ্লাইট রয়েছে।
এ ছাড়া ট্রানজিটের ৭৭টি ফ্লাইটও বাতিল হয়েছে। এসবের মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট রয়েছে।
বেবিচক কর্মকর্তা কাওছার মাহমুদ বলেন, সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের এই ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে।
তবে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ফ্লাইটগুলোর সময়সূচি পুনর্নির্ধারণে কাজ করছে বেবিচক, বলে জানান তিনি।




