ফরিদপুরের নগরকান্দায় মসজিদে নামাজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, দুই বাড়ি ভাঙচুর
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন এবং দুটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার মিরাকান্দা পশ্চিমপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নগরকান্দার মাতুব্বর গ্রুপের ওবায়দুর মাতুব্বরের পক্ষের লোকজনের সঙ্গে শেখ গ্রুপের ইকবাল শেখের পক্ষের লোকজনের সংঘর্ষ হয়। নামাজ পড়াকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়, পরে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রায় দুই ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ সংঘর্ষ চলে। এ সময় ইটপাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে দুই পক্ষের অন্তত ১৮ থেকে ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে দুটি বাড়িও ভাঙচুর করা হয়।
স্থানীয়দের অভিযোগ, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয় বলে তাঁরা জানান।
নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ জানান, মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়, পরে তা সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে তিনি জানান।




