কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের

কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৩০ অক্টোবর) ভারতের আহমেদাবাদের ভীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে স্বাগতিক ভারতের কাছে ৫৬-২৭ পয়েন্টে হেরেছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ভারত। প্রথমার্ধে ২৮-৮ পয়েন্টে পিছিয়ে ছিল বাংলাদেশ। বিরতির পরও বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারেনি এবং শেষ পর্যন্ত ২৯ পয়েন্টের ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে।
এবারের আসরে ছয় ম্যাচে চার জয় ও দুই হার নিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ।
বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করেছিল কানাডাকে ৬৭-২৮ পয়েন্টে হারিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কেনিয়ার কাছে ৩২-৩১ পয়েন্টে হারে দলটি।
এরপর সিঙ্গাপুরকে ৬০-২৮ এবং অস্ট্রেলিয়াকে ৬৯-৩১ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে খেলার সম্ভাবনা জোরালো করে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৭০-২০ পয়েন্টে হারিয়ে শেষ চার নিশ্চিত করে তারা।
‘বি’ গ্রুপে ৮ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে ভারতের বাধা পেরোতে না পারায় শিরোপার লড়াই থেকে ছিটকে গেল দলটি।
এর আগে সবশেষ আইচি-নাগোয়া এশিয়ান গেমসেও ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেবার গ্রুপ পর্বের ম্যাচে ৪৮-২৫ পয়েন্টে জিতেছিল ভারত। এবার আহমেদাবাদে জয়ের ব্যবধান আরও বাড়িয়েছে স্বাগতিকরা।



