হরমুজ প্রণালিতে চার ট্যাংকারে আগুন ও বিস্ফোরণের কথা জানাল ইরানের বিপ্লবী গার্ড

অননুমোদিত পথ ব্যবহারের চেষ্টাকালে হরমুজ প্রণালিতে চারটি তেলের ট্যাংকারে আগুন ধরে বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর জানিয়েছে।
আইআরজিসি নৌবাহিনীর সর্বশেষ বিবৃতিতে বলা হয়, ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেলবাহী চতুর্থ একটি ট্যাংকারে মাইন আঘাত হেনেছে। এতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং জাহাজটিতে আগুন জ্বলছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এর আগের এক বিবৃতিতে বাহিনীটি জানিয়েছিল, ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেলবাহী ট্যাংকারগুলোর একটি নৌ মাইনে আঘাত পেয়েছে। রয়টার্স তাৎক্ষণিকভাবে এই বিবৃতি যাচাই করতে পারেনি।
আলাদাভাবে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, হরমুজ প্রণালিতে একটি ঘটনার খবর তারা পেয়েছে। একটি যাচাইকৃত সূত্র সংস্থাটিকে জানিয়েছে, জলপথটি দিয়ে বাইরের দিকে যাত্রা শেষ করার সময় একটি অপরিশোধিত তেলের ট্যাংকারে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হানে।
এর আগে ইউকেএমটিও জানায়, ইরানের লাভান দ্বীপের প্রায় ৪০ নটিক্যাল মাইল (৭৪ কিলোমিটার) দক্ষিণে একটি জাহাজের বাঁ পাশে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হানার খবর তারা পেয়েছে। এতে জাহাজে আগুন ধরে যায়।
ইউকেএমটিওর সেই তথ্য অনুযায়ী, ওই জাহাজের নাবিকেরা নিরাপদ আছেন এবং পরিবেশগত কোনো ক্ষতির খবর নেই। লাভান দ্বীপ উপসাগরে, ইরানের দক্ষিণ উপকূলের কাছে অবস্থিত।
ইউকেএমটিওর উল্লেখ করা জাহাজগুলো আইআরজিসি নৌবাহিনীর বলা চার ট্যাংকারের মধ্যে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
ফেব্রুয়ারির শেষে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার পর থেকে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল সরবরাহের কৌশলগত জলপথ হরমুজ প্রণালিতে উত্তেজনা অব্যাহত রয়েছে।



