ঢাকায় সকালে হালকা বাতাস ও নরম রোদ, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস

কার্তিক মাসের মাঝামাঝি সময়ে রাজধানী ঢাকায় শনিবার সকালে বইছিল হালকা বাতাস। আকাশে ছিল হালকা সাদা মেঘ, আর দেখা মিলেছে নরম-কোমল রোদের।
আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, এ সময় উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ।
রাজধানীতে আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৫ মিনিটে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে কোনো বৃষ্টিপাত হয়নি বলে আবহাওয়া অধিদপ্তরের তথ্যে জানা গেছে।
এদিকে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও এরই মধ্যে শীত পড়তে শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নীলফামারী জেলার সৈয়দপুরে, ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আগের সন্ধ্যায় দেওয়া পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।




