কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া নিয়ে নতুন বিভাগের দাবি বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার

কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া — এই তিন জেলা নিয়ে ‘ব্রাহ্মণবাড়িয়া বিভাগ’ গঠনের দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া। প্রস্তাবিত বিভাগের সদর দপ্তর ব্রাহ্মণবাড়িয়ায় স্থাপনেরও প্রস্তাব দিয়েছেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই প্রস্তাব তুলে ধরেন। কবির আহমেদ ভূঁইয়া প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীর বড় ভাই।
কবির আহমেদ ভূঁইয়ার প্রস্তাব অনুযায়ী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে নতুন বিভাগ গঠন করা হলে প্রায় ৮৯ লাখ মানুষ বিভাগীয় প্রশাসনিক সুবিধার আওতায় আসবেন। প্রস্তাবিত বিভাগে তিন জেলার ৩১টি উপজেলা অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।
পোস্টে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের জনশুমারির তথ্য উল্লেখ করে বলা হয়, কিশোরগঞ্জ জেলার জনসংখ্যা ৩২ লাখ ৬৭ হাজার ৬২৬, হবিগঞ্জের ২৩ লাখ ৫৮ হাজার ৮৮৬ এবং ব্রাহ্মণবাড়িয়ার ৩৩ লাখ ৬ হাজার ৫৫৯ জন। তিন জেলার মোট জনসংখ্যা ৮৯ লাখ ৩৩ হাজার ৭১ জন। সম্মিলিত আয়তন আনুমানিক ৭ হাজার ২০০ বর্গকিলোমিটারের বেশি।
বিভাগ গঠনের পক্ষে অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে কবির আহমেদ ভূঁইয়া বলেন, কিশোরগঞ্জের হাওর, কৃষি ও মৎস্যসম্পদ, হবিগঞ্জের গ্যাস, চা ও শিল্পাঞ্চল এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর, বিদ্যুৎকেন্দ্র ও আখাউড়া স্থলবন্দরকে সমন্বিতভাবে কাজে লাগানো গেলে একটি শক্তিশালী আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সম্ভব।
তিনি মনে করেন, নতুন বিভাগ গঠিত হলে তিন জেলার মানুষের বিভাগীয় পর্যায়ের সরকারি সেবা গ্রহণ সহজ হবে। পাশাপাশি উন্নত চিকিৎসা, উচ্চশিক্ষা, কর্মসংস্থান, শিল্পায়ন, কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন এবং যোগাযোগব্যবস্থার সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি হবে।
প্রস্তাবিত বিভাগের সদর দপ্তর ব্রাহ্মণবাড়িয়ায় স্থাপনের পক্ষে জেলার ভৌগোলিক ও যোগাযোগগত অবস্থানের বিষয়টিও তুলে ধরেন তিনি। এ ক্ষেত্রে আশুগঞ্জ নদীবন্দর, বিদ্যুৎ উৎপাদন ও শিল্পাঞ্চল, আখাউড়া স্থলবন্দর এবং ঢাকা-চট্টগ্রাম রেল ও সড়ক যোগাযোগকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন।
এর আগে, ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও আখাউড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব দিয়েও আলোচনায় আসেন কবির আহমেদ ভূঁইয়া। প্রস্তাবিত ইউনিয়নগুলো হলো — রামরাইল, সিঙ্গারবিল, সুলতানপুর, বাসুদেব ও বরিশল।
এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখা থেকে জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়। চিঠিতে প্রস্তাবটির সম্ভাব্যতা যাচাই করে মতামতসহ প্রতিবেদন পাঠানোর অনুরোধ জানানো হয়। জানা গেছে, কবির আহমেদ ভূঁইয়া গত ৮ সেপ্টেম্বর এ বিষয়ে আবেদন করেন। পরদিন ৯ সেপ্টেম্বর প্রতিবেদন চেয়ে চিঠি জারি করা হয়।
তবে, নতুন উপজেলা গঠনের এই প্রস্তাবকে কেন্দ্র করে এলাকায় বিতর্ক দেখা দেয়। প্রস্তাবের প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। এসব কর্মসূচি থেকে প্রস্তাবটির সমালোচনা করেন আন্দোলনকারীরা।
নতুন উপজেলা গঠনের প্রস্তাব নিয়ে স্থানীয় পর্যায়ে বিতর্কের মধ্যেই এবার তিন জেলা নিয়ে ‘ব্রাহ্মণবাড়িয়া বিভাগ’ গঠনের দাবি তুললেন বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়া।
নিজের ফেসবুক পোস্টের শেষাংশে তিনি উল্লেখ করেন, তার এই প্রস্তাবের সঙ্গে অন্যদের দ্বিমত থাকতে পারে। তবে একজন সচেতন নাগরিক হিসেবে তিন জেলার সমান মর্যাদা, উন্নয়নের সুযোগ ও সমন্বিত প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া বিভাগ গঠন প্রয়োজন বলে তিনি মনে করেন। একই সঙ্গে তিনি বিষয়টিকে নিজের ব্যক্তিগত মতামত হিসেবে উল্লেখ করেছেন।



