সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ খুলনায়, শিববাড়ী মোড়ে পথসভা

সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের তৃতীয় দফা লংমার্চ খুলনায় পৌঁছেছে। কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরীর শিববাড়ী মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম নিয়ন্ত্রণ, জ্বালানি সংকট নিরসন এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি পুরোপুরি বন্ধ করা।
ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে এই লংমার্চের নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় খুলনা মহানগরীর শিববাড়ী মোড়ে পথসভা শুরু হয়। সভায় স্থানীয় নেতারা বক্তৃতা করেন। বেলা সাড়ে ১২টার দিকে লংমার্চের বহর এই সভায় যোগ দেওয়ার কথা ছিল।
লংমার্চ বাস্তবায়ন কমিটি খুলনার আহ্বায়ক ও মহানগরী জামায়াতের আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, লংমার্চের এই পথসভা গণদাবি আদায়ের আন্দোলনের এক নতুন অধ্যায় সূচনা করবে।
মাহফুজুর রহমান বলেন, খুলনার সাধারণ মানুষ সব সময়ই অন্যায় ও শোষণের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছেন। শনিবারের লংমার্চ ও ঐতিহাসিক বাবরী চত্বরের পথসভা শান্তিপূর্ণ ও স্মরণকালের অন্যতম সর্ববৃহৎ মহাসমাবেশে পরিণত হবে বলেও তিনি জানান।
তিনি জানান, শনিবার সকাল ৭টায় ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ কর্মসূচি শুরু হয়েছে। সকাল ৮টায় গাড়িবহর যাত্রা করেছে।
এরপর পদ্মা সেতু, ভাঙ্গা, গোপালগঞ্জ ও বাগেরহাটের কাটাখালী হয়ে বহর খুলনায় পৌঁছাবে। এরপর ফুলতলা, যশোর ও চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে পথসভা করে কুষ্টিয়ায় সমাপনী সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শেষ হবে।
খুলনার পথসভায় সভাপতিত্ব করেন লংমার্চ বাস্তবায়ন কমিটি খুলনার আহ্বায়ক ও মহানগরী জামায়াতের আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদসহ ১১ দলের স্থানীয় নেতারা। সভা পরিচালনা করেন জামায়াতে ইসলামীর নগর সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।
কর্মসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাটের কাটাখালী মোড়ে পথসভা হওয়ার কথা ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে এবং সোয়া ২টার দিকে ফুলতলা বাসস্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে শিববাড়িতে বেলা ১১টা থেকেই বক্তৃতা শুরু হয়েছে।
পরে যশোরের মুরলী মোড় ও চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে পথসভা শেষে কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে।
কুষ্টিয়ার সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
এছাড়া বক্তব্য রাখবেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আমার বাংলাদেশ পার্টির (এবি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন।



