নটর ডেম কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.৮৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২,২২৯ জন
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সারা দেশের ফলে যেখানে গড় পাসের হার নেমে এসেছে, সেখানে রাজধানীর নটর ডেম কলেজ এবারও উচ্চ পাসের হার ধরে রেখেছে। কলেজটিতে এবার পাসের হার ৯৮ দশমিক ৮৩ শতাংশ।
কলেজের তথ্য অনুযায়ী, এ বছর নটর ডেম কলেজে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন ৩ হাজার ২৭২ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩ হাজার ২৫৬ জন এবং পাস করেছেন ৩ হাজার ২১৮ জন শিক্ষার্থী।
এবার কলেজটি থেকে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২২৯ জন শিক্ষার্থী। অন্যদিকে অকৃতকার্য হয়েছেন ৫৪ জন শিক্ষার্থী।
তবে গত বছরের তুলনায় এবার কলেজটির ফল কিছুটা কমেছে। বিগত বছর নটর ডেম কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছিলেন ২ হাজার ৯০১ জন শিক্ষার্থী এবং পাসের হার ছিল ৯৯ দশমিক ৮৮ শতাংশ।
বিভাগভিত্তিক ফলে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছেন ২ হাজার ৯৭ জন শিক্ষার্থী এবং অকৃতকার্য হয়েছেন ২৫ জন। এই বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮০৭ জন।
বাণিজ্য বিভাগে পাস করেছেন ৭৪১ জন এবং অকৃতকার্য হয়েছেন ৭ জন শিক্ষার্থী। এই বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩৩৩ জন।
মানবিক বিভাগ থেকে পাস করেছেন ৩৮০ জন শিক্ষার্থী এবং জিপিএ-৫ পেয়েছেন ৮৯ জন। এই বিভাগে অকৃতকার্য হয়েছেন ২২ জন শিক্ষার্থী।
উল্লেখ্য, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছরের চেয়ে এবার সারা দেশে পাসের হার কমেছে।




