মিরপুর টেস্টে জয়ের কৃতিত্ব স্পিনারদের দিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ
মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে স্পিন দিয়েই কাবু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শেষে জয়ের কৃতিত্ব নিজের স্পিনারদের দিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। তিনি বলেছেন, টাইগার স্পিনারদের চেয়ে এই ম্যাচে বেশি উইকেট নিয়েছেন সফরকারী স্পিনাররা।
ম্যাচ শেষে চেজ বলেন, ‘আমাদের মানসম্পন্ন স্পিন আক্রমণ আছে, বিশেষ করে জোমেল ওয়ারিকানের নেতৃত্বে। ওকে আমি অনেক বছর ধরে চিনি, আমরা একই স্কুলে পড়েছি। ও খুব দক্ষ একজন বোলার এবং প্রতিনিয়ত উন্নতি করছে। যখনই সুযোগ পায়, নিজের সামর্থ্যের প্রমাণ দেয়।’
চেজের ভাষায়, স্পিন বোলিং ইউনিটকে নেতৃত্ব দিচ্ছেন ওয়ারিকান এবং তিনি দলকে ভালো করার আত্মবিশ্বাস জোগাচ্ছেন। এ জন্য সতীর্থকে অভিনন্দন জানিয়েছেন অধিনায়ক।
পেসারদের অবদানও মনে করিয়ে দিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক। তিনি বলেন, ‘আমাদের পেসাররাও রান রেট নিয়ন্ত্রণে রাখতে দারুণ সাহায্য করেছে। বাংলাদেশকে বেশি রান করতে দেয়নি।’
চেজ বলেন, প্রথম দিনের দ্বিতীয় ঘণ্টা বাদ দিলে তাঁর দল নিজেদের ছন্দ খুঁজে পেয়েছিল এবং লাইন-লেংথ দিয়ে বাংলাদেশের ব্যাটারদের চাপে রেখেছিল। তাঁর ভাষায়, পুরো বোলিং ইউনিটকেই এই জয়ের কৃতিত্ব দিতে হবে।
জয়ের পেছনে দ্বিতীয় ইনিংসে দ্রুত উইকেট নেওয়াকে বড় কারণ হিসেবে দেখছেন চেজ। তিনি বলেন, প্রথমত বাংলাদেশকে খুব বেশি লিড নিতে না দেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল, কারণ বাংলাদেশের মাটিতে শেষ ইনিংসে বড় লক্ষ্য তাড়া করা কঠিন।
চেজ বলেন, ‘এরপর দ্বিতীয় ইনিংসে বল হাতে আমরা ভালো শুরু করি। দ্রুত চারটি উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলাম। এরপর ধৈর্য ধরে বাকি উইকেটগুলো নেওয়ার চেষ্টা করেছি।’

