আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারীদের বিএনপিতে স্থান হবে না: শাহজাহানপুরে মির্জা আব্বাস

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারীদের বিএনপিতে কোনো স্থান হবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। দলের ভেতরে কেউ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিলে তার বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহজাহানপুরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি ছিল ঢাকা-৮ সংসদীয় এলাকার শাহজাহানপুর, মতিঝিল, পল্টন, শাহবাগ ও রমনা থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত।
মির্জা আব্বাস বলেন, এক শ্রেণির লোক নিজেদের রাজনৈতিক শক্তি না পেয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন জায়গায় মিছিল-মিটিং করার চেষ্টা করছে। তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে কোনো বাধা নেই, সবাই রাজনীতি করতে পারে। কিন্তু অপকর্ম করলে বিএনপির নেতাকর্মীরা হাত গুটিয়ে বসে থাকবেন না, শক্ত হাতে প্রতিহত করবেন।
দলের নেতাকর্মীদের সতর্ক করে মির্জা আব্বাস বলেন, অনেকেই অনেক কিছু ভাবছেন, কিন্তু বিএনপি এখনো মাঠে নামেনি। বৃষ্টির মধ্যে ছোট পরিসরের এই সভায় মানুষের ব্যাপক সাড়া ও আবেগ দেখা গেছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা শহরে বিএনপি মাঠে নামলে কী হতে পারে, তা এ থেকেই বুঝতে হবে।
ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতার দেশে ফিরে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার গুঞ্জন তুলে তিনি বলেন, আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে এসে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন বলে তিনি শুনেছেন। বিএনপির ভেতরের কিছু লোভী মানুষ টাকার বিনিময়ে তাদের আশ্রয় দিচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন।
মির্জা আব্বাস বলেন, বিএনপির যে শত্রু, সে তাঁরও শত্রু। দলের কেউ তাদের সহযোগিতা করলে বিষয়টি জানাতে হবে; তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। শত্রুপক্ষের মিত্ররা কখনো বিএনপির বন্ধু হতে পারে না বলেও তিনি মন্তব্য করেন। দলের নাম ব্যবহার করে কেউ নিজের অবস্থান বদলানোর চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাদ মোর্শেদ পাপ্পা সিকদার, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সোহাগ ভূঁইয়াসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




