মেইনের স্কুলে শ্রেণিকক্ষে কুকুর রাখা নিয়ে বিতর্ক, ধর্মীয় আপত্তি তুললেন কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড পাবলিক স্কুলে শ্রেণিকক্ষে কুকুর রাখা নিয়ে বিতর্ক চলছে। জেলাটি শ্রেণিকক্ষে পোষা প্রাণী রাখার নীতিমালা বদলের কথা ভাবছে, এর মধ্যেই একজন স্কুল কর্মকর্তা ইসলাম ধর্মীয় বিশ্বাসের কারণে আপত্তির কথা তুলেছেন।
পোর্টল্যান্ড পাবলিক স্কুলের শিক্ষার্থী, পরিবার ও কমিউনিটি অংশীদারত্ববিষয়ক সহকারী সুপারিনটেনডেন্ট ড. আবদুল্লাহি আহমেদ ১৪ অক্টোবরের নীতিমালা কমিটির বৈঠকে এই উদ্বেগের কথা বলেন। তিনি ব্যাখ্যা করেন, ইসলামের কিছু ঐতিহ্যে কুকুরের লালাকে অপবিত্র মনে করা হয়। প্রতিবেদন অনুযায়ী, তিনি স্থানীয় মুসলিম ধর্মীয় নেতাদের সঙ্গে পরামর্শ করেছেন এবং তাঁরা শ্রেণিকক্ষে কুকুরকে পোষা প্রাণী হিসেবে রাখার বিপক্ষে মত দিয়েছেন।
বিতর্কের শুরু হয় ওশান অ্যাভিনিউ এলিমেন্টারি স্কুলের এক শিক্ষকের আবেদন থেকে। ওই শিক্ষক তাঁর শ্রেণিকক্ষে কুকুরছানা পালনের অনুমতি চেয়েছিলেন, যাতে পাঠ ও খেলার সময় শিক্ষার্থীরা প্রাণীগুলোর সঙ্গে মিশতে পারে।
আহমেদ পরামর্শ দিয়েছেন, ধর্মীয় আপত্তি থাকা শিক্ষার্থী ও পরিবারগুলোর প্রতি সম্মান রেখে কুকুরগুলোকে আলাদা কক্ষে রাখার মতো ব্যবস্থা নেওয়া যেতে পারে।
তিনি বলেছেন, মুসলিম সম্প্রদায়ের সদস্যরা প্রাণীর বিরোধী নন। তাঁর ভাষায়, ইসলামি ঐতিহ্যে প্রাণী ও জীবন্ত সবকিছুর প্রতি ভালোবাসা এবং প্রাণীর প্রতি মমত্ব সব সময়ই রয়েছে।
একই সঙ্গে তিনি বলেছেন, কিছু ইসলামি ঐতিহ্যে কুকুরকে অপবিত্র মনে করা হয়। উদাহরণ হিসেবে তিনি কুকুরের লালাকে অপবিত্র বলার কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, কিছু মানুষের অতীতে কুকুর নিয়ে নেতিবাচক অভিজ্ঞতাও রয়েছে।
আহমেদ সোমালিয়ায় জন্মগ্রহণ করে সেখানেই বেড়ে উঠেছেন। জেলার জীবনী অনুযায়ী তিনি সোমালি, আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় কথা বলেন। তিনি আরও জানান, তিনি যেসব ইমামের সঙ্গে কথা বলেছেন, তাঁরা শ্রেণিকক্ষে কুকুরকে পোষা প্রাণী হিসেবে রাখতে চাননি।
কমিটির সদস্যরা আলোচনা করেছেন, সংশোধিত নীতিমালা শুধু কুকুরের ক্ষেত্রে প্রযোজ্য হবে, নাকি শ্রেণিকক্ষের অন্য প্রাণীর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। পাশাপাশি সম্মতি দেওয়া বা না দেওয়ার সুযোগ রাখার মতো ব্যবস্থা নিয়েও আলোচনা হয়। ১৪ অক্টোবরের বৈঠকে নীতিমালা বদল নিয়ে কোনো ভোট হয়নি।
এই আপত্তির সমালোচনা করেছেন মমস ফর লিবার্টির সহপ্রতিষ্ঠাতা টিনা ডেসকোভিচ। ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, প্রতিষ্ঠার পর থেকেই কুকুর যুক্তরাষ্ট্রজুড়ে স্কুলশিক্ষার্থীদের জীবন সমৃদ্ধ করে আসছে। শ্রেণিকক্ষে কুকুর নিয়ে আপত্তিকে তিনি হাস্যকর বলে উল্লেখ করেন।
ফক্স নিউজ ডিজিটাল আহমেদ এবং পোর্টল্যান্ড পাবলিক স্কুলের সুপারিনটেনডেন্ট রায়ান স্ক্যালনের কাছে মন্তব্য চেয়েছিল, তবে তাৎক্ষণিক কোনো জবাব পায়নি।




