…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

সেরা কলেজগুলোতেও সবাই পাস করেননি: ভিকারুননিসায় অকৃতকার্য ১৫৮, হলিক্রসে ১০

নিজস্ব প্রতিবেদক

দেশের সেরা ও নামকরা কলেজগুলোতে পড়াশোনা করেও এবারের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন অনেক শিক্ষার্থী। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল বিশ্লেষণে দেখা গেছে, রাজধানীর শীর্ষস্থানীয় কয়েকটি কলেজে পাসের হার ৯৮ থেকে ৯৯ শতাংশের বেশি হলেও সেখানে অকৃতকার্য হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী।

বিপুলসংখ্যক জিপিএ-৫ অর্জনের পাশাপাশি এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের একটি অংশের ব্যর্থতার চিত্রও উঠে এসেছে শনিবার প্রকাশিত ফলাফলে। হলিক্রস কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, নটর ডেম কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ ও ঢাকা কলেজের মতো প্রতিষ্ঠানে পাসের হার সন্তোষজনক হলেও শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি।

ঢাকা শিক্ষা বোর্ডের ফলাফল অনুযায়ী, হলিক্রস কলেজের পাসের হার ৯৯ দশমিক ৬২ শতাংশ। কলেজটি থেকে জিপিএ-৫ পেয়েছেন ৮১৬ জন শিক্ষার্থী।

হলিক্রস কলেজের পরীক্ষার্থী ছিল এক হাজার ৩০৮ জন; পরীক্ষায় অংশ নেন এক হাজার ৩০৩ জন, তাঁদের মধ্যে পাস করেছেন এক হাজার ২৯৮ জন। সার্বিক ফলে অকৃতকার্য হিসেবে নাম এসেছে ১০ জনের।

এ বছর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে দুই হাজার ৩৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন দুই হাজার ২৩৮ জন, অকৃতকার্য হয়েছেন ১৫৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪১৬ জন শিক্ষার্থী। এ বছর প্রতিষ্ঠানটির পাসের হার ৯৪ দশমিক ১৫ শতাংশ।

নটর ডেম কলেজে পাসের হার ৯৮ দশমিক ৮৩ শতাংশ। এ বছর কলেজটি থেকে তিন হাজার ২৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন তিন হাজার ২১৮ জন। জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ২২৯ জন শিক্ষার্থী, অকৃতকার্য হয়েছেন ৫৪ জন।

রাজধানীর আরেক স্বনামধন্য প্রতিষ্ঠান রাজউক উত্তরা মডেল কলেজে এক হাজার ৬৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন এক হাজার ৬২৬ জন, অকৃতকার্য হয়েছেন ১০ জন। পাসের হার ৯৯ দশমিক ৩৯ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছেন ৮২৯ জন।

ঢাকা কলেজে এক হাজার ১৩৬ জন পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন এক হাজার ১২৯ জন, অর্থাৎ অকৃতকার্য হয়েছেন সাতজন। পাসের হার ৯৯ দশমিক ৩৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬৮৮ জন।

জাতীয় পর্যায়ের ফলাফলের সঙ্গে তুলনা করলে নামকরা কলেজগুলোর এই চিত্র আরও স্পষ্ট হয়। এবার সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ছয় লাখ ৪৬ হাজার ৬৮৫ জন পরীক্ষার্থী পাস করেছেন, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

এর আগে শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশ অনুষ্ঠান উদ্বোধন করেন। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষাকেন্দ্র থেকে ফল জানা যায়, এ ছাড়া মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও ফল দেখতে পারছেন শিক্ষার্থীরা।

শিক্ষাবিদদের মতে, একটি প্রতিষ্ঠানের সাফল্য শুধু জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দিয়ে বিচার করা যায় না। কতজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, তাঁদের ফল কেন খারাপ হয়েছে এবং শিক্ষার মান উন্নয়নে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেদিকেও নজর দেওয়া প্রয়োজন।

শিক্ষা বিভাগের আরও খবর

ঢাকায় বিইউএফটিতে সপ্তম টেক্সটাইল গবেষণা সম্মেলন, আলোচনায় টেকসই উপকরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা
শিক্ষা

ঢাকায় বিইউএফটিতে সপ্তম টেক্সটাইল গবেষণা সম্মেলন, আলোচনায় টেকসই উপকরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা

বস্ত্র ও পোশাকশিল্পে গবেষণা, উদ্ভাবন ও টেকসই উন্নয়নকে উৎসাহিত করার লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ৭ম বিইউএফটি-ক্রিস্যাট টেক্সটাইল রিসার্চ কনফারেন্স (…

এআই ভিডিওতে জীবিত দেখিয়ে মুক্তিপণ আদায়, এইচএসসিতে জিপিএ-৫ পেলেন নিহত রাকিবুল
শিক্ষা

এআই ভিডিওতে জীবিত দেখিয়ে মুক্তিপণ আদায়, এইচএসসিতে জিপিএ-৫ পেলেন নিহত রাকিবুল

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনে আনন্দের বদলে শোকে ভারী হয়ে উঠেছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের দাদির আটা গ্রামের কৃষক খাদেমুল ইসলামে…

১৪ কেন্দ্রে রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
শিক্ষা

১৪ কেন্দ্রে রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে

ঢাকাসহ সারা দেশের ১৪টি কেন্দ্রে শনিবার বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭-এর আঞ্চলিক প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। উচ্চমাধ্যমিক ও এ-লেভেল পর্যায়ের শিক…

এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের জন্য এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্ভাব্য ২ ডিসেম্বর থেকে, ফল ৩১ ডিসেম্বর
শিক্ষা

এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের জন্য এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্ভাব্য ২ ডিসেম্বর থেকে, ফল ৩১ ডিসেম্বর

এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষ…