১৪ কেন্দ্রে রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে

ঢাকাসহ সারা দেশের ১৪টি কেন্দ্রে শনিবার বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭-এর আঞ্চলিক প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। উচ্চমাধ্যমিক ও এ-লেভেল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ ও বাংলাদেশ রসায়ন সমিতি যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছে।
সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ঢাকা অঞ্চলের এই পর্বের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের ও অর্জনের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ বিভিন্ন র্যাঙ্কিংয়ে কখনো প্রথম, কখনো দ্বিতীয় স্থান অর্জন করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাঁর মতে, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও বিজ্ঞানমনস্কতা বিকাশে সহায়ক হবে।
উদ্বোধন শেষে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
আয়োজকেরা জানান, ঢাকা অঞ্চলে বিভিন্ন কলেজের বাংলা ও ইংরেজি মাধ্যমের এইচএসসি শিক্ষার্থী এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর এ-লেভেল পর্যায়ের নিবন্ধিত ২৮৭ শিক্ষার্থীর মধ্যে ২৪০ জন প্রাথমিক পর্বে অংশ নেয়। বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মূল্যায়ন শেষে প্রতিটি কেন্দ্রের সেরা ১০ জন বিজয়ীর হাতে সনদ ও পদক তুলে দেওয়া হয়েছে। অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকেই সনদ দেওয়া হয়।
প্রাথমিক পর্বে প্রতিটি কেন্দ্র থেকে মেধাক্রম অনুযায়ী প্রথম ১০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এই শিক্ষার্থীরা আগামী ২৮ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে অংশ নেবে।
চূড়ান্ত পর্বে মেধাক্রম অনুযায়ী নির্বাচিত চারজন শিক্ষার্থী ২০২৭ সালে তাইওয়ানের তাইপেতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। আগামী বছরের ১৯ থেকে ২৮ জুলাই এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন। তিনি বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে রসায়নবিষয়ক জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পথ সুগম হয় এবং জ্ঞান ও উদ্ভাবনী শক্তির বিকাশে রসায়নের প্রয়োগ সম্পর্কে শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি অধ্যাপক মো. এমরান কাইয়ুম, সাধারণ সম্পাদক অধ্যাপক এ কে এম লুৎফর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ সৈয়দ আলম এবং বাংলাদেশ রসায়ন সমিতির সাবেক সভাপতি ও সাবেক মুখ্য সচিব মো. আবদুল করীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অলিম্পিয়াডের আহ্বায়ক ও রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আমিনুল হক। অন্য বক্তারা একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।



