অভিবাসীকে গাড়িচাপা দেওয়ার অভিযোগে অভিযুক্ত আইসিই কর্মকর্তার সোমবার আত্মসমর্পণের সম্ভাবনা

যুক্তরাষ্ট্রের হিউস্টনে এক ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে গাড়িচাপা দেওয়ার অভিযোগে অভিযুক্ত অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) কর্মকর্তা সোমবার সকালে আত্মসমর্পণ করবেন বলে আশা করা হচ্ছে। তাঁর আইনজীবী ডেভিড লিন্ডেনমুথ এবিসি নিউজকে এ কথা জানিয়েছেন।
মারিও আলবার্তো মোরালেসকে হিউস্টনের একটি গ্র্যান্ড জুরি প্রাণঘাতী অস্ত্র দিয়ে দ্বিতীয় মাত্রার গুরুতর হামলার অভিযোগে অভিযুক্ত করেছে বলে হ্যারিস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানিয়েছে।
লিন্ডেনমুথ বলেছেন, চলতি মাসের ১০ অক্টোবর পায়ে হেঁটে পালানোর চেষ্টা করা মিগেল পারা হার্নান্দেজ ও আরেক ব্যক্তিকে ধাওয়া করার সময় মোরালেস তাঁকে আঘাত করতে চাননি। তাঁর ভাষায়, ‘এটি একটি দুর্ঘটনা ছিল। এর বেশি কিছু নয়, কিন্তু নির্বাচনের ঠিক আগে রাজনৈতিক পয়েন্ট পেতে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অভিযোগ আনার সিদ্ধান্ত নিয়েছেন।’
শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে হ্যারিস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি শন টিয়ার অভিযোগ করেন, মোরালেসের বডি-ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, ওই কর্মকর্তা ‘আক্রমণাত্মকভাবে গাড়ি ঘুরিয়ে’ পারা হার্নান্দেজের দিকে নিয়ে গেছেন। ব্রিফিংয়ে তিনি কর্মকর্তার বডি-ক্যামেরার গ্রাফিক ভিডিওর পাশাপাশি ঘটনার নজরদারি ফুটেজও চালিয়ে দেখান।
বডি-ক্যামেরার ফুটেজে দেখা যায়, মোরালেস গাড়ি চালিয়ে পায়ে হেঁটে পালাতে থাকা পারা হার্নান্দেজ ও আরেক ব্যক্তিকে ধাওয়া করছেন। ‘একজন দৌড়াচ্ছে, একজন দৌড়াচ্ছে। পায়ে হেঁটে। দুজনই,’—কর্মকর্তাকে বলতে শোনা যায়। কয়েক সেকেন্ড পর ফুটেজে দেখা যায়, কর্মকর্তা স্টিয়ারিং বাঁ দিকে ঘোরাচ্ছেন। কর্তৃপক্ষ বলছে, ঠিক তখনই গাড়িটি পারা হার্নান্দেজকে ধাক্কা দেয় এবং থেমে যায়। এরপর মোরালেস মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকা পারা হার্নান্দেজের কাছে যান এবং তাঁর পা নাড়ান।
ভিডিও সম্পর্কে লিন্ডেনমুথ বলেন, মোরালেসের গাড়ির পেছনের আসনে দুজন আটক ব্যক্তি ছিলেন এবং তিনি একটি গাড়িকে ধাক্কা দেওয়া এড়াতে চাইছিলেন; পারা হার্নান্দেজকে আঘাত করার ইচ্ছা তাঁর ছিল না। তাঁর ভাষায়, ‘স্পষ্টতই সংস্পর্শ হয়েছে, কিন্তু সেই সংস্পর্শ ইচ্ছাকৃত ছিল না। সজ্ঞানে ঘটানো হয়নি। অন্য একটি গাড়িকে ধাক্কা না দিতে প্রতিক্রিয়া হিসেবে এটি ঘটেছে।’
পারা হার্নান্দেজের আইনজীবী কিম ব্রুনো বলেন, তাঁর মক্কেলের হাড় ভেঙেছে ও স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘটনার পর তাঁর অস্ত্রোপচার করতে হয়েছে। ব্রুনোর ভাষায়, ‘তিনি শুধু জবাবদিহি চান। তিনি নিশ্চয়তা চান যে, এমন ঘটনা আর কারও সঙ্গে ঘটবে না।’ পারা হার্নান্দেজ বর্তমানে আটক আছেন এবং একটি পুনর্বাসন কেন্দ্রে কেন্দ্রীয় হেফাজতে রয়েছেন।
ডিস্ট্রিক্ট অ্যাটর্নি টিয়ার সাংবাদিকদের বলেন, ‘আমি শত শত মামলা পর্যালোচনা করেছি, কিছু মামলা এর খুবই কাছাকাছি। এই মামলায় আমাদের কাছে যে প্রমাণ আছে, তা আমি যত মামলা বিচার বা তদন্ত করেছি, তার যেকোনোটির মতোই স্পষ্ট।’
লিন্ডেনমুথ জানিয়েছেন, মোরালেস সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, প্যারাট্রুপার ছিলেন এবং একজন খ্রিস্টান পাদরি হিসেবে বিদেশে মিশনারি কাজ করেন। তিনি সাবেক কারা কর্মকর্তা; পোর্ট ইসাবেল ডিটেনশন সেন্টারে আটক ও প্রক্রিয়াকরণ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন এবং স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের (ডিএইচএস) সঙ্গে আইসিই ঠিকাদার হিসেবেও কাজ করেছেন। লিন্ডেনমুথের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্টে তিনি কেন্দ্রীয় অভিবাসন কর্মকর্তা হিসেবে আইসিইতে যোগ দেন।



