গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভে কারখানার গোডাউন ও আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে আগুন, আটকে গেল ফায়ার সার্ভিসও

গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের মধ্যে একটি কারখানার গোডাউন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়িও আটকে দেন আন্দোলনকারীরা। এতে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম ব্যাহত হয়।
রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের আন্দোলন চলাকালে ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডের একটি গোডাউনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। একই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়িতেও আগুন দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোডাউনে আগুন লাগার পর দ্রুত চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে আশপাশের এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়।
দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে তা মূল কারখানায় ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে অবরোধের কারণে ঘটনাস্থলে পৌঁছেও আগুন নেভানোর কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, ‘ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডের কারখানার গোডাউনে আগুন লাগার খবর পেয়ে আমরা রওনা হয়েছি। কিন্তু চন্দ্রায় পৌঁছানোর পর শ্রমিকদের অবরোধের কারণে সামনে এগোতে পারছি না। এ বিষয়ে কোনো সহযোগিতাও পাচ্ছি না।’
গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুরসহ বিভিন্ন শিল্প এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভ চলছে।
এরই মধ্যে শ্রমিকদের বেতন বাড়ানোর লক্ষ্যে সরকার নতুন মজুরি বোর্ড গঠন করেছে। তবে এরপরও বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত শ্রমিকেরা বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এর ধারাবাহিকতায় রবিবার সকাল থেকে নতুন করে আন্দোলন শুরু হয়।
পরিস্থিতির অবনতির আশঙ্কায় আশপাশের বেশ কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কে বিজিবি মোতায়েন করা হয়েছে।




