টঙ্গীতে বাড়িতে ইয়াবা তৈরির কারখানা, ইউটিউব দেখে পরিকল্পনার দাবি গ্রেপ্তার যুবকের

গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় নাজমুল ইসলাম বাপ্পি (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বাড়িটি থেকে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গীর পাগার আলেক টেক এলাকার ওই আবাসিক বাড়িতে অভিযান চালিয়ে নাজমুলকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা-পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে নাজমুলের বাড়ির ওপর নজরদারি করা হচ্ছিল। পরে শুক্রবার রাতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বাড়ির ভেতরে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায় এবং সেখান থেকে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়।
পুলিশের হাতে গ্রেপ্তারের পর নাজমুল দাবি করেন, প্রেমের বিরহে নিঃস্ব হয়ে পড়ার পর তিনি ইয়াবা তৈরির পরিকল্পনা করেন। পরে ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব ঘেঁটে এ বিষয়ে তথ্য সংগ্রহ করে নিজেই গড়ে তোলেন ইয়াবা তৈরির কারখানা।
স্থানীয় বাসিন্দারা জানান, নাজমুল ওই এলাকার বাসিন্দা তাইজুল ইসলামের বড় ছেলে। কয়েক বছর আগে বিদেশ থেকে দেশে ফেরার পর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন বলে স্থানীয়রা জানিয়েছেন।
টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুল রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে বিপুল পরিমাণ ইয়াবা তৈরির সরঞ্জাম ও রাসায়নিক উপাদান মজুত ছিল। অভিযান চালিয়ে সেগুলো জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার নাজমুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুল রহমান।




