…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

২১ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: আবাসন ও বাজেট সংকটের মাঝেও এগিয়ে চলার গল্প

নিজস্ব প্রতিবেদক

আবাসন সংকট, অপ্রতুল বাজেট ও অবকাঠামোগত সীমাবদ্ধতাকে সঙ্গী করেই বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ‘তারুণ্যে দীপ্তপ্রাণ—ঐক্যবদ্ধ জবিয়ান’ প্রতিপাদ্যে পালিত হচ্ছে এবারের বিশ্ববিদ্যালয় দিবস।

২০০৫ সালের ২০ অক্টোবর জাতীয় সংসদে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫’ পাসের মাধ্যমে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় তৎকালীন জগন্নাথ কলেজ। সেই হিসেবে দুই দশক পেরিয়ে প্রতিষ্ঠানটি ২১ বছর পূর্ণ করে ২২ বছরে পদার্পণ করেছে।

প্রতিবছর ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস পালিত হওয়ার কথা থাকলেও এ বছর ওই দিনটি দুর্গাপূজার সরকারি ছুটির মধ্যে পড়ায় নির্ধারিত সময়ে অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ২ নভেম্বর দিবসটি উদযাপনের ঘোষণা দেন।

প্রতিষ্ঠানটির শিকড় অনেক পুরোনো। ১৮৫৮ সালে কয়েকজন জমিদার ও শিক্ষানুরাগীর উদ্যোগে ঢাকায় ব্রাহ্ম সমাজের শিক্ষাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয় ‘ব্রাহ্ম স্কুল’। দীর্ঘদিন আর্থিক সংকটে থাকা পাঠশালাটির দায়িত্ব নেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটির জমিদার কিশোরীলাল রায় চৌধুরী। ১৮৭২ সালে তাঁর বাবা জগন্নাথ রায় চৌধুরীর নামানুসারে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় ‘জগন্নাথ স্কুল’।

এর ধারাবাহিকতায় ১৮৮৪ সালে ব্রিটিশ সরকার এটিকে কলেজে রূপান্তর করে। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর জগন্নাথ কলেজের স্নাতক শ্রেণির পাঠদান সাময়িকভাবে স্থগিত করা হয়। ১৯৬৮ সালে কলেজটি সরকারি করা হয়। পরে দীর্ঘ আন্দোলনের মুখে ২০০৫ সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয় ঐতিহাসিক এই প্রতিষ্ঠানটি।

বর্তমানে বিশ্ববিদ্যালয়টির ৭টি অনুষদের অধীনে ৩৮টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটে প্রায় ১৯ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। পাঠদান ও প্রশাসনিক কার্যক্রমে যুক্ত রয়েছেন প্রায় ৭০০ শিক্ষক এবং প্রায় ৫৫০ জন কর্মকর্তা-কর্মচারী। তবে শিক্ষার্থী ও একাডেমিক কার্যক্রমের এই বিস্তৃতির অনুপাতে অবকাঠামোগত সুযোগ-সুবিধা ও আর্থিক সক্ষমতা বাড়েনি বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

বাজেট ঘাটতি বড় সংকট হিসেবে রয়ে গেছে। ২০২৬-২৭ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৩৩০ কোটি টাকার বাজেট চাহিদা দেওয়া হলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদন করেছে ১৫৯ কোটি টাকা। এই বরাদ্দের বড় অংশ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা খাতে ব্যয় হয়। ফলে গবেষণা অনুদান, আধুনিক গবেষণাগার, শিক্ষা উপকরণ এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়াতে সীমাবদ্ধতা তৈরি হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় হিসেবে ২১ বছর পার করলেও আবাসন ও বাজেট ঘাটতি এখনো বড় সংকট। চলতি অর্থবছরে ইউজিসি থেকে পাওয়া ১৫৯ কোটি টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা কঠিন।

আবাসন সংকট আরও প্রকট। প্রায় ১৯ হাজার শিক্ষার্থীর বিপরীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আবাসিক হল রয়েছে মাত্র একটি, সেটিও ছাত্রীদের জন্য। ছাত্রদের জন্য কোনো আবাসিক হল নেই। ফলে বিপুলসংখ্যক শিক্ষার্থীকে পুরান ঢাকা ও আশপাশের এলাকায় মেস কিংবা ভাড়া বাসায় থাকতে হয়। এতে শিক্ষার্থীদের বাড়তি আর্থিক চাপের পাশাপাশি পড়াশোনার পরিবেশও ব্যাহত হয়।

এই সংকট কিছুটা কাটাতে পুরান ঢাকার বংশাল ও বাংলাবাজারে নির্মাণ করা হচ্ছে বাণী ভবন হল ও হাবিবুর রহমান হল। বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের অধীনে চলছে নির্মাণকাজ। প্রকল্প-সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ৬তলা বিশিষ্ট হল দুটির কাজ ৩তলা পর্যন্ত ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে।

সেনাবাহিনীর প্রকল্প পরিচালক লে. কর্নেল মো. ইফতেখার আলম জানান, অক্টোবরের ১৩ তারিখে সাইট হস্তান্তর করে দুর্গম একটি জায়গায় এক বছরের মধ্যে কাজ শেষ করা কোনো প্রকৌশলীই বিশ্বাস করবেন না। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে দুটি কাজ সম্পন্ন হবে; সামগ্রিকভাবে ২-৩ মাস বাড়তি সময় লাগতে পারে।

শিক্ষার্থীদের দীর্ঘদিনের আরেক প্রত্যাশা কেরানীগঞ্জের তেঘরিয়ায় ২০০ একর জমির ওপর দ্বিতীয় ক্যাম্পাস। ২০১৭ সালে একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পায়। ২০১৯ সালে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় ৯০০ কোটি টাকার প্রথম চেক হস্তান্তর করা হলেও নানা জটিলতা, অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কাজ কাঙ্ক্ষিত গতিতে এগোয়নি।

দীর্ঘ প্রতীক্ষার পর ২০২৫ সালের জানুয়ারি থেকে দ্বিতীয় ক্যাম্পাসের প্রথম ধাপের অসমাপ্ত কাজ বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের অধীনে শুরু হয় এবং বর্তমানে কাজ চলমান। সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম ধাপের অবকাঠামোগত অংশের অগ্রগতি প্রায় ৮৫ শতাংশ আর আর্থিক খাতের প্রায় ৮০ শতাংশ হয়েছে। ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে।

তবে প্রথম ধাপ শেষ হলেই দ্বিতীয় ক্যাম্পাসের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত হচ্ছে না। বৈদ্যুতিক সাব-স্টেশন নির্মাণ ও লেকের স্লোপ প্রটেকশনের দৃশ্যমান কাজ এখনো শুরু হয়নি। দ্বিতীয় ধাপের কাজ কবে শুরু হবে এবং তা কোন প্রতিষ্ঠানের অধীনে বাস্তবায়িত হবে, সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জকসুর একটি সূত্র জানিয়েছে, আসন্ন একনেক সভায় দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের দাবি তোলার বিষয়ে সংগঠনের সর্বোচ্চ ফোরামে আলোচনা করা হবে।

চলতি বছরের মার্চ মাসে উপাচার্যের দায়িত্ব নেন অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন তিনি। পুরান ঢাকায় দুটি অস্থায়ী আবাসিক হল নির্মাণ এবং কেরানীগঞ্জে দ্বিতীয় ক্যাম্পাসের প্রথম ধাপের কাজ চলমান থাকায় নতুন আশা দেখছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

শিক্ষা বিভাগের আরও খবর

উদ্বোধনের দুই বছরেও খোলেনি বাউফল সাধারণ পাঠাগার, সামনে অটোরিকশার দখল; এই সপ্তাহে খুলে দেওয়ার আশ্বাস ইউএনওর
শিক্ষা

উদ্বোধনের দুই বছরেও খোলেনি বাউফল সাধারণ পাঠাগার, সামনে অটোরিকশার দখল; এই সপ্তাহে খুলে দেওয়ার আশ্বাস ইউএনওর

উদ্বোধনের প্রায় দুই বছর পেরিয়ে গেলেও পাঠকদের জন্য খুলে দেওয়া হয়নি পটুয়াখালীর বাউফল উপজেলা সদরের পাবলিক মাঠসংলগ্ন সাধারণ পাঠাগার। দীর্ঘদিন অব্যবহৃ…

দুই হাতে আঙুল নেই, ডান পায়ে লিখেই এইচএসসি পাস রংপুরের কলি রানীর, স্বপ্ন বিসিএস
শিক্ষা

দুই হাতে আঙুল নেই, ডান পায়ে লিখেই এইচএসসি পাস রংপুরের কলি রানীর, স্বপ্ন বিসিএস

জন্ম থেকেই দুই হাতের আঙুল নেই রংপুরের কলি রানীর। স্বাভাবিকভাবে কলম ধরার সুযোগ হয়নি কখনো। সেই কলি ডান পা দিয়ে লিখেই এবারের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভা…

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন স্কেল বাস্তবায়নে ৩ হাজার ২৬৭ কোটি টাকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন স্কেল বাস্তবায়নে ৩ হাজার ২৬৭ কোটি টাকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চ…

বাল্যবিবাহ রোধ থেকে ঝরে পড়াদের স্কুলে ফেরানো: জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম
শিক্ষা

বাল্যবিবাহ রোধ থেকে ঝরে পড়াদের স্কুলে ফেরানো: জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

বাল্যবিবাহ রোধ, বিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের আবার স্কুলে ফিরিয়ে আনা, অসহায় মানুষের সহায়তা, রক্তদান কর্মসূচি আর যুবসমাজের উন্নয়নে দীর্ঘদিন…